তারামাকে জগদ্ধাত্রী রূপে বিশেষ আরাধনা, তারাপীঠে জনজোয়ার
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আলোকমালা ও খ্যাতির পাশাপাশি মহাশক্তিপীঠ তারাপীঠেও জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে পুণ্যার্থীদের ঢল নামল। বুধবার সন্ধ্যায় তারাপীঠে দেবী তারাকে জগদ্ধাত্রীরূপে অভেদ কল্পনা জ্ঞানে বিশেষ পুজো নিবেদন করা হয়। চিরাচরিত প্রথা মেনে এদিন মাকে অপরূপ ডাকের সাজে সাজিয়ে তোলা হয়।

Advertisement

তারাপীঠে কোনো দেবী মূর্তি পুজোর চল নেই। বহু যুগ ধরে কালী, তারা, দুর্গা, সরস্বতী, জগদ্ধাত্রী সব দেবীর আরাধনা তারামায়ের মূর্তির উপর হয়ে আসছে। কথিত আছে, চণ্ডী তারাপীঠের আরাধ্যা দেবী। চণ্ডী শিবের পত্নী। অত্যাচারী চণ্ডাসুরকে বধ করেছিলেন বলে তাঁর নাম চণ্ডী। দুর্গা,কালী, তারা, পার্বতী, সতী, চণ্ডী সবই সমার্থক। স্থান ভেদে এক একটি জায়গাতে বিশেষ নামে শিব জায়া পরিচিতা এবং দেবী হিসাবে পূজিতা। বর্তমানে চণ্ডীপুরের চণ্ডীমা কালক্রমে তারা মা নামে খ্যাত। তাই চণ্ডীপুর গ্রাম বর্তমানে তারাপীঠ নামে পরিচিত লাভ করেছে। দেবী তারাই এখানে আরাধ্যাদেবী। 
প্রথা অনুযায়ী, এদিন একই সঙ্গে মায়ের সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো সম্পন্ন হয়। প্রায় তিন ঘণ্টা ধরে এই পুজোর আচার-অনুষ্ঠান চলে। বিশেষ এই তিথিতে বিভিন্ন বাদ্যযন্ত্র ও বাজনা সহযোগে মায়ের সন্ধ্যারতি করা হয়।
বুধবার ভোরে মায়ের স্নান ও সন্ধ্যারতির পর গর্ভগৃহ ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়। সারাদিন দেবী তারা রূপে পূজিতা হন এবং সন্ধ্যার সময় মাকে জগদ্ধাত্রী রূপে সাজিয়ে বিশেষ আরতি করা হয়। এদিন বিশেষ ভোগও থাকে। মাকে দু’বার অন্নভোগ- পোলাও, খিচুড়ি, বলির পাঁঠার মাংস, মাছ, মিষ্টি ও পায়েস নিবেদন করা হয়।
মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় জানান, চন্দননগরের মতো তারাপীঠেও এই তিথিতে প্রচুর মানুষের সমাগম ঘটে, এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। অসম থেকে পরিবার নিয়ে পুজো দিতে আসা বিনয় দাস বলেন, বছরে দুবার- রথযাত্রা ও এই জগদ্ধাত্রী পুজোর তিথিতে মায়ের কাছে আসি। এই তিথিতে ডালা সাজিয়ে মাকে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়।
অন্যদিকে, লজ ব্যবসায়ী সুনীল গিরি জানান, অনেকেই চন্দননগরের ভিড় এড়াতে তারাপীঠে এসেছেন। তাছাড়া ছটপুজো শেষে বিহার ও ঝাড়খণ্ডের বহু পুণ্যার্থীও দেবী তারাকে দর্শনের জন্য আসেন। ফলে লজ ও হোটেলগুলিতে ঘরের চাহিদাও বেশ ভালো থাকে।
প্রসঙ্গত, প্রতিবছরই জগদ্ধাত্রীপুজোর নবমী তিথিতে তারাপীঠে প্রচুর ভক্তের ঢল নামে।