Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে স্পেশাল ট্রেন, জারি বিজ্ঞপ্তি

কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠে আসতে চান। অথচ কোনও ট্রেনের সিট খালি পাচ্ছেন না। তাঁদের জন্য সুখবর।

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে স্পেশাল ট্রেন, জারি বিজ্ঞপ্তি
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৬
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠে আসতে চান। অথচ কোনও ট্রেনের সিট খালি পাচ্ছেন না। তাঁদের জন্য সুখবর। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। আজ, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব রেলের  পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। 

Advertisement

তারাপীঠ একটি বিখ্যাত শক্তিপীঠ। প্রতি বছর এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। বিশেষ করে 'কৌশিকী অমাবস্যা’ আধ্যাত্মিক মুক্তি ও আনন্দের উদযাপন। সমস্ত বাধা অতিক্রম করে তারাপীঠের এই পবিত্র উৎসবে যোগ দিতে রামপুরহাটে আসা ভক্তদের সুবিধার্থে পূর্ব রেল গত ৮ বছর ধরে স্পেশাল ট্রেন চালিয়ে আসছে। এবার যাত্রীদের সম্ভাব্য ভিড় সামাল দিতে হাওড়া ও রামপুরহাটের মধ্যে বিশেষ ট্রেন পরিষেবা এবং তিনটি এক্সপ্রেসের ট্রেনের অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ সংযোজন করছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ও রামপুরহাটের মধ্যে চলাচলকারী হাওড়া জামালপুর কবিগুরু, হাওড়া রামপুরহাট শহিদ, হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ট্রেনে দ্বিতীয় শ্রেণির কোচ সংযোগ করা হচ্ছে। কবিগুরু এক্সপ্রেস বুধবার থেকে ও বাকি দুটি ট্রেন বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত অতিরিক্ত কোচ সংযোজন থাকবে। এছাড়া শুক্রবার থেকে  হাওড়া– রামপুরহাট  শহিদ এক্সপ্রেসের সাথে আরও একটি অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ (অর্থাৎ মোট ২টি অতিরিক্ত কোচ) যুক্ত করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে দুপুর ১২:৫০ মিনিটে ছেড়ে রামপুরহাটে বিকেল ১৭:৩০ মিনিটে পৌঁছবে এবং বিপরীত দিকে রামপুরহাট-হাওড়া স্পেশাল ট্রেনটি রামপুরহাট থেকে সন্ধ্যা ১৮:৪৫ মিনিটে ছেড়ে হাওড়ায় রাত ২৩:৪৫ মিনিটে পৌঁছাবে। এই বিশেষ ট্রেনটি শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা,বোলপুর এবং সাঁইথিয়াতে স্টেশনে দাঁড়াবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি বলেন, তারাপীঠের কৌশিকী অমাবস্যায় যাত্রীদের সুবিধা ও আরামদায়ক যাত্রার জন্য স্পেশাল ট্রেন চালানোর পাশাপাশি তিনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে রেলের স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্তে খুশি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, যারা টিকিট না পেয়ে আসতে পারছিলেন না। তারা এবার কৌশিকী তিথিতে মায়ের আর্শিবাদ নিতে তারাপীঠে আসতে পারবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ