ইউটিউব দেখে নতুন ধরনের কালো ধানের চাষ, নজর কাড়লেন হবিবপুরের কৃষক
  • ২৪ অক্টোবর, ২০২৬ ১৩:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইউটিউবে পেয়েছিলেন কালো ধানের খোঁজ। এর পরে মণিপুর থেকে বীজ এনে নতুন ধরনের ধানের চাষ করে নজর কাড়লেন হবিবপুরের কৃষক রতন প্রামাণিক।

Advertisement

নতুন কিছু করার আগ্রহ আর কৃষিকাজের প্রতি ভালোবাসা, এই দুইয়ের টানে চেনা ধানের বাইরে গিয়ে নতুন জাতের ধান চাষে উদ্যোগী হন এই কৃষক। গত বছরও কালো ধান চাষ করেছিলেন তিনি। এবারও নতুন ধরনের ধানের চাষ করে উঠে এসেছেন চর্চায়।

মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী পঞ্চায়েতের সোলাডাঙ্গা এলাকার বাসিন্দা রতন। দাহারলাঙ্গি এলাকায় তাঁর প্রায় বিঘা পাঁচেক জমি রয়েছে। সেই জমির মধ্যে এবার ১০ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে কালো ধানের চাষ করেছেন।

ইউটিউব দেখে এই ধান সম্পর্কে জানতে পারেন তিনি। এরপর মণিপুর থেকে অর্ডার করে বীজ সংগ্রহ করে শুরু করেন চাষ। রতন প্রামাণিকের দাবি, এই চাল কালো রঙের। যে কারণে বলা হয় ব্ল্যাক রাইস। গত বছরও তিনি কালো ধানের চাষ করেছিলেন। তবে সেটির  সঙ্গে এবারের ধানের পার্থক্য রয়েছে। গতবারের ধানগাছের পাতা ও ধান, দু’টিই কালো ছিল। এবার ধানগাছের পাতা সবুজ কিন্তু চাল কালো। ওই কৃষকের বক্তব্য, এই ধানের চাষ করতে সাধারণ ধান চাষের মতোই খরচ হয়েছে। তবে তার অভিজ্ঞতায়, এই ধানের ফলন বেশি এবং চালের গুণমানও ভালো। যদিও ফলন ও গুণমান সম্পর্কে চূড়ান্ত ধারণা পেতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন। 

নতুন নতুন জাতের ধান চাষ করার প্রতি বরাবরই আগ্রহ রয়েছে রতন প্রামাণিকের। শুধু প্রচলিত পদ্ধতিতে চাষ করে থেমে থাকতে চান না তিনি। বললেন, ‘নতুন কিছু চাষ করে তার ফলাফল দেখতে ভালো লাগে।’