নিজস্ব প্রতিনিধি, মালদহ: মাঝরাতে মালদহের চাঁচল থানায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। থানার মালখানা ঘর, কম্পিউটার রুম-সহ একাধিক ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। তবে তাতেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় পরে আরও একটি ইঞ্জিন নিয়ে আসা হয়। শেষ পর্যন্ত দমকলকর্মী, পুলিশকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আশঙ্কা করা গিয়েছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কিন্তু অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও পর্যন্ত নিশ্চিত নয়।
জানা গিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার আগেই তড়িঘড়ি করে গুরুত্বপূর্ণ নথি, কেস ডায়েরি, কম্পিউটার-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে বাইরে নিয়ে আনা হয়। সেই গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষার ক্ষেত্রে বড়সড় তৎপরতা দেখা যায়। তবে এই অগ্নিকাণ্ডে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল।



