নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি পদে অজিত মাইতির নাম ঘোষণার পরই দলের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল। শনিবার জেলা তৃণমূলের নয়া সভাপতিকে বিশেষ সংবর্ধনা দেওয়া হল। খড়্গপুর-২ ব্লকের মাদপুরে দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী শিউলি সাহা, বিধায়ক অরূপ ধাড়া, মমতা ভুঁইয়া, হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। ঘাটাল সাংগঠনিক জেলার সমস্ত ব্লক থেকেও প্রতিনিধিরা হাজির ছিলেন।
তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, অজিতবাবুর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তাঁর সেই অভিজ্ঞতা কাজে লাগবে। প্রতিটি ব্লক থেকেই অজিতবাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এলাকায় দলের ভিত মজবুত করতে জেলা তৃণমূলের তরফে নানা কর্মসূচি শুরু হয়েছে। অজিতবাবু বলেন, আমরা দলের পুরনো সৈনিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর বিশ্বাস রেখেছেন। তার পূর্ণ মর্যাদা দেব। দলের কর্মীদের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। দলের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করতে হবে।
মন্ত্রী শিউলি সাহা বলেন, অজিতবাবুর বেশ ভালো অভিজ্ঞতা আছে। গত বিধানসভা নির্বাচনে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। দলের সমস্ত কর্মীদের চেনেন। আমরা তাঁকে সহযোগিতা করব। আগামী দিনে আমাদের ফলাফল আরও ভালো হবে।
তৃণমূলের নেতারা জানান, অজিতবাবু আগে দলের অখণ্ড মেদিনীপুর জেলার সভাপতি ছিলেন। তাঁর ভোট করানোর অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে ‘ম্যান ম্যানেজমেন্ট’-ও বেশ ভালো। দলের প্রতি আনুগত্যের জেরেই তাঁকে ফের বড় দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা তৃণমূলের এক নেতা বলেন, কেশপুর, চন্দ্রকোণা, ঘাটাল, ডেবরা, সবং, পিংলা সহ সমস্ত ব্লকের কর্মীরাই অজিতবাবুকে সংবর্ধনা জানিয়েছেন। অজিতবাবু সবাইকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন। এখন থেকেই ২০২৬সালের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হচ্ছে। দলের নেতাকর্মীরা লড়াইয়ের জন্য প্রস্তুত।
ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি বলেন, দলের সংগঠন আগের তুলনায় অনেক বেশি মজবুত হয়েছে। অজিতবাবুর নির্দেশ অনুসারে সমস্ত প্রক্রিয়া চলছে। আমরা আশাবাদী যে, আগামী নির্বাচনে ফলাফল ভালো হবে।