নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের উন্নয়নে কর্পোরেট সংস্থাকে আরও বেশি করে পাশে পেতে উদ্যোগী হল নবান্ন। সূত্রের খবর, আগামী বুধবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে এ বিষয়ে এক সভার আয়োজন করা হয়েছে রাজ্যের তরফে। সেখানে রাজ্যের একাধিক মন্ত্রী এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল ছাড়াও রাজ্যের পদস্থ কর্তাদের থাকার কথা রয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে কর্পোরেট সংস্থা থেকে শুরু করে কেন্দ্রের অধীনস্ত একাধিক সংস্থাকেও।
প্রশাসনিক মহলের খবর, ২০২৪-২৫ অর্থবর্ষে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) বাবদ প্রায় ১৭৫ কোটি টাকা খরচ হয়েছে রাজ্যে। এই অঙ্ক অনেকটাই বাড়াতে চাইছে নবান্ন। সেই লক্ষ্যেই বুধবারের সভার আয়োজন বলে জানাচ্ছে আমলা মহল। সিএসআর-এর মাধ্যমে সমাজ ও পরিবেশের প্রতি তাদের দায়িত্ব পালন করে সংস্থাগুলি। এর মাধ্যমে মূলত শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজ করা হয়। পূর্বতন সরকারের আমলেই সিএসআর সংক্রান্ত নির্দিষ্ট পোর্টাল চালু করা হয়েছিল রাজ্যের তরফে। যেখানে শিক্ষা, স্বাস্থ্যসহ নানা দপ্তরের ১৫০০-র বেশি প্রকল্প নথিভুক্ত রয়েছে, যেগুলির দায়িত্ব সিএসআরের আওতায় হাতে নিতে পারে কর্পোরেট সংস্থাগুলি। তবে এই তালিকা পুনির্বিবেচনা করা হতে পারে। এসবের মধ্যেই আমেদাবাদের একটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে নবান্ন। ‘মউ’ স্বাক্ষর হয়েছে। এই সংস্থার কাজ হবে সিএসআর নিয়ে রাজ্য এবং কর্পোরেট সংস্থাগুলির মধ্যে সমন্বয় তৈরি করা। দেশের বিভিন্ন রাজ্যে তারা এই কাজ করছে।