সোমনাথ বসু কলকাতা: নিম্নচাপের বৃষ্টি উপেক্ষা করে পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে বাঙালির। গড়িয়াহাট কিংবা হাতিবাগানের দিকে তাকালেই তা বোঝা যাচ্ছে। অক্টোবরের প্রথম থেকেই বাড়বে এই ভিড়। বর্ষা বিদায়ের সঙ্গেসঙ্গে শরতের আকাশে দেখা মিলবে পেঁজা তুলোর মতো মেঘের। কান পাতলেই শোনা যাবে, ‘আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে...’। তবে মা দুর্গার আসার আগে কল্লোলিনী তিলোত্তমায় ফুটবল উৎসব। ৩ অক্টোবর, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের রেশ কাটার আগেই খালিদের দল খেলবে লাতিন আমেরিকার আরেকটি দেশ উরুগুয়ের বিরুদ্ধে। এছাড়া রয়েছে শতাব্দীপ্রাচীন আইএফএ শিল্ডও।
২০০২ বিশ্বকাপে শেষবার সাফল্য পেয়েছিল পেলে-গ্যারিঞ্চার দেশ। তারপর শুধুই ব্যর্থতা। তা সত্ত্বেও বাঙালির ফুটবল আবেগে বিস্ফোরণ ঘটানোর জন্য শুধুমাত্র ব্রাজিল নামটাই যথেষ্ট। ভিনিসিয়াস-রাফিনহাদের খেলা দেখার জন্য ছটপট করছে ভারতীয় ফুটবলের মক্কা। তবে শপিংয়ের ধাক্কা সামলে মহার্ঘ্য টিকিট কেনা অনেকের কাছেই কষ্টসাধ্য। তবে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে আশাবাদী, ৩ অক্টোবর দর্শকঠাসা গ্যালারির সামনেই খেলবে ব্রাজিল।
কার্লো আনসেলোত্তির দলকে নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। সূত্রের খবর— শারদোৎসবের আগে এই ম্যাচ, তাই ২ অক্টোবর আয়োজিত নৈশভোজে ভিনিসিয়াসদের হাতে উপহার হিসাবে মা দুর্গার রেপ্লিকা তুলে দেবেন এআইএফএফ সভাপতি। ইতিমধ্যেই খোঁজ শুরু হয়ে গিয়েছে সেই রেপ্লিকার। শুধু পছন্দের অপেক্ষা। বাঙালির প্রধান উৎসব সম্পর্কে সংক্ষিপ্ত ধারণাও দেওয়া হবে মার্কুইনহোসদের। এই মহাম্যাচের মধ্যে দিয়ে ব্রাজিলের সঙ্গে ভারতের সংস্কৃতির আদানপ্রদানের চেষ্টায় ফেডারেশন।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছে ব্রাজিল। স্যার ডনের দেশে দু’টি ম্যাচ খেলে আনসেলোত্তি-ব্রিগেড চাটার্ড ফ্লাইটে কলকাতায় আসবে ১ অক্টোবর। দমদম বিমানবন্দরের টারম্যাকে তৈরি থাকবে বাস, যা ভিনিসিয়াসদের পৌঁছে দেবে বাইপাস সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলে। সেপ্টেম্বরের শেষ থেকেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মোড়া থাকবে সেই হোটেল। এছাড়া ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফদের দিকে তীক্ষ্ণ নজর রাখবেন সিবিএফের নিজস্ব নিরাপত্তারক্ষীরা। উল্লেখ্য, গত দু’সপ্তাহ ধরে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বেশ কয়েকজন কর্মী শহরে থেকে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। এই ম্যাচের প্রচার ও বিপণনের জন্য যথেষ্ট টাকা খরচ করেছে ফেডারেশন। ১৪ টি জেলায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে পারবেন অনুরাগীরা। বিশ্বকাপের ঢংয়ে আয়োজন করা হচ্ছে ফ্যান পার্কও। হাই-ভোল্টেজ ম্যাচে ফেডারেশন আমন্ত্রণ জানাবে প্রাক্তন ফুটবলারদের।
ব্রাজিল ম্যাচ ঘিরে বিশেষ আগ্রহী রাজ্য সরকারও। ফুটবল উৎসবের জন্য তারা চারটি ভলভো বাস দিচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। যার চারদিকে থাকবে ভিনিসিয়াস-আনসেলোত্তিদের ছবি।