Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আদিবাসীদের পাশে দাঁড়াতে তৎপর প্রশাসন, আজ শিলিগুড়ির ৪টি চা বাগানে বিশেষ ক্যাম্প

এবার শিলিগুড়িতে আদিবাসী সম্প্রদায়ের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ঝাঁপাচ্ছে প্রশাসন। দুয়ারে সরকার শিবিরের ধাঁচে আজ, শনিবার মহকুমার চারটি চা বাগানে হবে বিশেষ ক্যাম্প।

আদিবাসীদের পাশে দাঁড়াতে তৎপর প্রশাসন, আজ শিলিগুড়ির ৪টি চা বাগানে বিশেষ ক্যাম্প
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার শিলিগুড়িতে আদিবাসী সম্প্রদায়ের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ঝাঁপাচ্ছে প্রশাসন। দুয়ারে সরকার শিবিরের ধাঁচে আজ, শনিবার মহকুমার চারটি চা বাগানে হবে বিশেষ ক্যাম্প। প্রশাসন সূত্রে খবর, ক্যাম্পে জাতিগত শংসাপত্র, ভাতা প্রকল্প জয় জোহার, স্কলারশিপ প্রভৃতির আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি স্বনির্ভরগোষ্ঠী তৈরি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, জমির পাট্টা প্রদান সহ বিভিন্ন প্রকল্প নিয়ে প্রচার চালানো হবে। এজন্য ক্যাম্পে থাকবে জেলা প্রশাসনের ন’টি দপ্তর। এদিকে, আদিবাসী গ্রামের পরিকাঠামো উন্নয়নে আরও তিন কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদ (এসএমপি)। 

Advertisement

দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, আদিবাসীদের মধ্যে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতেই এই কর্মসূচি। এজন্য বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর থেকে আরও তিন কোটি টাকা মিলেছে। তা দিয়ে প্লাস্টিক রোড, কংক্রিটের রাস্তা, কালভার্ট ও ‘কভার ড্যান্ট’ বা ঢাকনাযুক্ত নিকাশি নালা তৈরি করা হবে। মহকুমার চা বাগান এলাকাগুলিতেই আদিবাসী সম্প্রদায়ের বাস বেশি। তাদের মধ্যে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার দাবি বহুদিনের। এজন্যই এবার চা বাগানগুলিতে বিশেষ ক্যাম্প করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, আজ পাহাড়ঘুমিয়া, মানঝা, মোহরগাঁও-গুলমা ও সতীশচন্দ্র চা বাগানে ক্যাম্প করা হবে। শুক্রবার এই কর্মসূচি নিয়ে বিভিন্ন ব্লক প্রশাসন প্রস্তুতি সভা করেছে। সভায় চা বাগানের এবং গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা ছিলেন। ইতিমধ্যে ক্যাম্প নিয়ে চা বাগান এলাকায় মাইকিংও করা হয়েছে। 
খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ বলেন, ক্যাম্পে এসসি, এসটি সার্টিফিকেট, জয় জোহার ভাতা প্রকল্প, স্কলারশিপ প্রভৃতির আবেদন গ্রহণ করা হবে। এছাড়া এসসি ও এসটিদের আইনি অধিকার, জমির রেকর্ড, পাট্টা, কৃষির ভরতুকি, কিষান ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠী গঠন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, হস্তশিল্প ও গবাদিপশু পালনের মধ্যদিয়ে জীবনজীবীকা নির্বাহ, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, বিধাবা ভাতা প্রভৃতি বিষয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে সচেতন করা হবে। এজন্য জেলা প্রশাসনের নির্দেশে ক্যাম্পে আদিবাসী উন্নয়ন দপ্তর, অনগ্রসর শ্রেণিকল্যাণ ও বিত্ত নিগম, ভূমি ও ভূমি সংস্কার, কৃষি, আনন্দধারা, প্রাণিসম্পদ, ব্লক প্রশাসন, পুলিস প্রভৃতি দপ্তরের প্রতিনিধিরা থাকবেন। 
কয়েকদিন আগে দার্জিলিং জেলা প্রশাসন বৈঠক করে এমন ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে চারটি ব্লকে চা বাগান ধরে ক্যাম্পের সময়সূচী চূড়ান্ত করা হয়েছে। প্রশাসন সূত্রের খবর, দুয়ারের সরকার কর্মসূচির কায়দায় আরও ৩২টি বাগানে ১০টি ক্যাম্প হবে। সেগুলি হবে প্রতি শনিবার। শুধু তাই নয়, আদাবিাসী মহল্লাগুলির পরিকাঠানো উন্নয়নে প্রায় তিন কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে মহকুমা পরিষদ। তারা আরও তিন কোটি টাকা পেয়েছে। ছাব্বিশের নির্বাচনের আগে প্রশাসনের এমন উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ