Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিপক্ষের টাফ ফুটবল চিন্তা স্পেনের, বজ্রপাতের জেরে বাতিল ইয়ামালদের অনুশীলন

নিউ ইয়র্কে বজ্রপাতের কারণে ইয়ামালের অনুশীলন বাতিল। কোচ ডে লা ফুয়েন্তের চিন্তা বাড়ছে। বিশ্বকাপ ফাইনালের আগে বিস্তারিত পড়ুন।

বিপক্ষের টাফ ফুটবল চিন্তা স্পেনের, বজ্রপাতের জেরে বাতিল ইয়ামালদের অনুশীলন
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শিবাজী সরকার: সকাল থেকেই নিউ ইয়র্ক আকাশের মুখ ভার। সঙ্গে প্রবল বৃষ্টি। তার মধ্যেই ফাইনালের চূড়ান্ত মহড়ার জন্য হুইপ্যানির ট্রেনিং কমপ্লেক্সের দিকে রওনা দেন ইয়ামাল-রড্রিরা। সকাল ১১টায় অনুশীলন শুরু হওয়ার কথা। একে একে ভিড় জমিয়েছেন সাংবাদিকরা। তবে ফুটবলাররা মাঠে নামলেন না। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনবরত বজ্রপাতের কারণে আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হল অনুশীলন। অপেক্ষা বাড়ল। তবে আবহাওয়ার উন্নতি ঘটল না। শেষ পর্যন্ত অনুশীলন না করেই হোটেলে ফিরলেন ফুটবলাররা। মেগা ফাইনালের আগে দল অনুশীলন না করায় রীতিমতো চিন্তায় কোচ ডে লা ফুয়েন্তে। আসলে চোটের কারণে গত দু’দিন অনুশীলন না করা ইয়ামালকে এদিন দেখে নিতে চেয়েছিলেন তিনি। তবে সেই সুযোগ মিলল কোথায়!

Advertisement

বিশ্বকাপ ফাইনালের আগে আকাশের মুখ যতই ভারি হোক না কেন, নিউ ইয়র্কের রাজপথে উন্মাদনার কোনো খামতি নেই। হাডসন নদীর পাড়ে বিশাল ফ্যান জোন। তারই মধ্যে ছোটো ফুটবল মাঠ। সাজানো বাস্কেটবল কোর্ট সমর্থকদের ভিড়ে সরগরম। জার্সি যেন হটকেক। নীল-সাদায় মেসির চাহিদা তুঙ্গে। লা রোহা অনুরাগীরা চোখ বুজে বেছে নিচ্ছেন লামিনে ইয়ামালকে। বিশ্বকাপ ফাইনালের আগে ফ্যান পার্কেও সেই মেসি বনাম ইয়ামাল। আইডলের বিরুদ্ধে ১৮ বছর বয়সির দ্বৈরথ। তাঁকে সামনে রেখেই দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়নদের স্বাদ পেতে মরিয়া লা রোহা ব্রিগেড।
ম্যাচের আগে রেফারিং নিয়ে বেশ চিন্তিত স্প্যানিশ আর্মাডা। আসলে শেষ চারের যুদ্ধে আর্জেন্তিনা বনাম ইংল্যান্ড ম্যাচের রাশ রাখতে হিমশিম খান রেফারি। চোরাগোপ্তা ফাউল, ধাক্কাধাক্কি, একে অন্যের দিকে তেড়ে যাওয়া — কিছুই বাদ ছিল না। ফুয়েন্তের আশঙ্কা স্বাভাবিক। নিশ্চিন্তে পাসিং ফুটবলের ঠাসবুনোট তৈরি করা মুশকিল। বরং ইয়ামাল, রড্রিদের জন্য ধেয়ে আসবে পা ঝনঝনানো ট্যাকেল। প্রেসিং ফুটবলে টুঁটি টিপে ধরার স্ট্র্যাটেজি সামলাতে হবে ফুয়েন্তেকে। অভিজ্ঞ কোচের মন্তব্য, ‘রেফারি নিশ্চয়ই বাড়াবাড়ি হতে দেবেন না।’ কোচের সুরেই সুর মিলিয়েছেন ফ্রান্স বধের অন্যতম নায়ক পোরো ও লাপোর্তে।
৪-১-২-৩ ফর্মেশন ফুয়েন্তের প্রিয়। রড্রিই তিকি-তাকার নিউক্লিয়াস। গোটা দলের ব্যান্ডমাস্টার। তাঁকে কেন্দ্র করেই পাপড়ি মেলে লা রোহা। ওলমো, রুইজ, ওয়ারজাবাল। সবার দায়িত্ব নির্দিষ্ট। বল ফসকালে ফের তাড়া করে নিজেদের অনুকূলে আনার চেষ্টা করে স্পেন। যে করেই হোক বল পজেশন রাখার অমোঘ ফর্মুলা। ডানপ্রান্ত ইয়ামালের মুক্তাঞ্চল। স্প্যানিশ তরুণকে আর্জেন্তিনা কোচ স্কালোনি নিশ্চয়ই ছেড়ে দেবেন না। খামের গায়ে ডাকটিকিটের মতো নিকোলার সেঁটে থাকার সম্ভাবনা। সেই জাল কেটে কীভাবে বেরবেন লামিনে? ১৬ বছর আগে ইনিয়েস্তাদের বিশ্বজয়ের সময় লামিনের বয়স ৩। সেদিনের ছোট্ট ইয়ামালই এখন ফুয়েন্তে ব্রিগেডের ইঞ্জিন।

Advertisement
সম্পর্কিত সংবাদ