Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ডকে হারাল স্পেন, নেশনস লিগে পেনাল্টি মিস কেনের

২০২৪ ইউরো ফাইনালে হারের প্রতিশোধ নিতে ব্যর্থ ইংল্যান্ড। শনিবার উয়েফা নেশনস লিগের লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে বাগে পেয়েও হারাতে পারল না টমাস টুচেলের ছেলেরা।

ইংল্যান্ডকে হারাল স্পেন, নেশনস লিগে পেনাল্টি মিস কেনের
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইংল্যান্ড- ২        :           স্পেন- ৩

Advertisement

লন্ডন: ২০২৪ ইউরো ফাইনালে হারের প্রতিশোধ নিতে ব্যর্থ ইংল্যান্ড। শনিবার উয়েফা নেশনস লিগের লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে বাগে পেয়েও হারাতে পারল না টমাস টুচেলের ছেলেরা। ঘরের মাঠে লিড নিয়ে শেষ পর্যন্ত ২-৩ ব্যবধানে বশ মানল থ্রি লায়ন্স। অধিনায়ক হ্যারি কেন পেনাল্টি মিস না করলে অবশ্য ম্যাচের ফল ভিন্ন হতেই পারত। বিপক্ষের ডেরায় স্পেনকে ম্যাচে ফেরালেন দুই সুপার-সাব অ্যালেক্স বায়েনা ও মিকেল ওয়ারজাবাল। শুরুতে ইয়ামালের গোলে লিড নিয়েও বিরতিতে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে লুই ডে লা ফুয়েন্তের ছেলেরা। এরপর দ্বিতীয়ার্ধে দুই সুপার-সাবের গোলে জয় ছিনিয়ে নেয় ২০২৬ বিশ্বজয়ীরা। উল্লেখ্য, দু’বছর আগে ইউরো ফাইনালেও জাল কাঁপিয়ে দলকে খেতাব এনে দিয়েছিলেন ওয়ারজাবাল। ইংল্যান্ডের দুই গোলদাতা অ্যান্টনি গর্ডন ও হ্যারি কেন।
মার্কিন মুলুকে বিশ্বকাপ জয়ের পর শনিবারই প্রথম মাঠে নেমেছিল স্পেন। আপফ্রন্টে ফেরান তোরেসকে রেখে দল সাজিয়েছিলেন কোচ ফুয়েন্তে। এদিন অবশ্য দেশের জার্সিতে ভরসা জোগাতে ব্যর্থ এই তরুণ স্ট্রাইকার। তবে ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল (১-০)। মার্ক গুয়েহির থেকে বল ছিনিয়ে বাঁ-পায়ের আড়াআড়ি শটে জাল কাঁপান তিনি। শুরুতে পিছিয়ে পড়ে তেড়েফুঁড়ে আক্রমণে ওঠে ইংল্যান্ড। ৩৬ মিনিটে প্রতি-আক্রমণ থেকে দলকে সমতায় ফেরান অ্যান্টনি গর্ডন (১-১)। মিনিট চারেক বাদেই ইংল্যান্ডকে লিড এনে দেন হ্যারি কেন। বাঁ প্রান্ত থেকে ও’রেলির সেন্টার খুঁজে নেয় ইংল্যান্ড অধিনায়ককে। তাঁর হেড প্রতিপক্ষ ডিফেন্ডার কুকুরেয়ার পায়ে লেগে জালে জড়ায় (২-১)।
বিরতিতে লিড নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের গোড়ায় বেলিংহ্যামকে বক্সের মধ্যে ফাউল করেন রড্রি। ভারের সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তবে স্পটকিক থেকে হ্যারি কেনের শট ক্রসবারে ধাক্কা খায়। হাঁফ ছেড়ে বাঁচেন রড্রি। এরপরই ম্যাচে ফিরতে জোড়া পরিবর্তন আনেন স্পেন কোচ। মাঠে নামার চার মিনিটের মধ্যেই স্কোরশিটে নাম তোলেন বায়েনা। ড্যানি ওলমোর পাস ধরে বক্সের বাইরে থেকে মাটি ঘেঁষা শটে বল জালে জড়ান তিনি (২-২)। আর ৭৪ মিনিটে বায়েনার পাস থেকেই দলের জয়সূচক গোলটি এনে দেন ওয়ারজাবাল (৩-২)।

Advertisement
সম্পর্কিত সংবাদ