নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলায় ষাঁড় চুরি আটকাতে সব থানায় নাকা পয়েন্ট করে চেকিং করার নির্দেশ দিলেন পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রতিটি থানায় নাকা চেকিং চলবে। শুক্রবার রাত থেকেই জেলাজুড়ে চেকিং শুরু হয়েছে। তমলুক, নন্দকুমার, চণ্ডীপুর, নন্দীগ্রাম, এগরা, ভগবানপুর, ভূপতিনগর সহ সর্বত্র রাতে নাকাচেকিং চলছে। প্রত্যেক থানার আইসি এবং ওসিকে নাকা পয়েন্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিল দীঘায় জগন্নাথধামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ষাঁড় চোরদের দাপাদাপিতে বিড়ম্বনায় পড়েছে পুলিস। বিজেপি ওই ঘটনাকে হাতিয়ার করে পুরোদস্তুর রাজনীতি শুরু করেছে। এই অবস্থায় ষাঁড় চোরদের উৎপাত ঠেকাতে আপাতত রাতভর নাকা চেকিং চলবে। পুলিস সুপার বলেন, রাতে নাকা চেকিং চলছে। গত ১৭ এপ্রিল ভোর ৪টে নাগাদ রেয়াপাড়ায় ষাঁড় চুরি করতে আসা দক্ষিণ ২৪পরগনার দুষ্কৃতীরা পুলিসের গাড়িকে ধাক্কা মেরে বেপরোয়া গতিতে চম্পট দেয়। দুষ্কৃতীদের গাড়ির ধাক্কায় পুলিসের গাড়ির ড্রাইভার সহদেব প্রধান মারা যান। গুরুতর জখম হন রেয়াপাড়া ফাঁড়ির এএসআই সুশান্ত মিত্র। তার আগে ১০ এপ্রিল নন্দীগ্রাম-১ ব্লকের তেখালি থেকে দু’টি ষাঁড় চুরি করে পালানোর সময় চার দুষ্কৃতীকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। চারটি থানার পুলিসের চেষ্টায় দুষ্কৃতীরা ধরা পড়ে। দুষ্কৃতীরা ভীষণ বেপরোয়া। ভারী পণ্যবাহী যান ছাড়া যে কোনও গাড়িকে অনায়াসে ধাক্কা মেরে পালাতে সক্ষম তারা।



