Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণ দিনাজপুর: পরীক্ষার পর দেড় বছরেও ভূমি দপ্তরে অস্থায়ী শূন্যপদে কোনো নিয়োগ হয়নি

দক্ষিণ দিনাজপুরে ভূমি দপ্তরের অস্থায়ী শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া দেড় বছরেও সম্পন্ন হয়নি। চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিস্তারিত পড়ুন।

দক্ষিণ দিনাজপুর: পরীক্ষার পর দেড় বছরেও ভূমি দপ্তরে অস্থায়ী শূন্যপদে কোনো নিয়োগ হয়নি
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: লিখিত পরীক্ষার পর দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও দক্ষিণ দিনাজপুর জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অস্থায়ী শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এনিয়ে ক্ষোভ বাড়ছে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের মধ্যে। নিয়োগে দীর্ঘসূত্রিতা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দ্রুত ফলপ্রকাশ এবং স্বচ্ছ নিয়োগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Advertisement

জানা গিয়েছে, দু’বছর আগে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ১২টি শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই অনুযায়ী ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা হয়। কিন্তু পরীক্ষার দীর্ঘ সময় পরেও ফল প্রকাশ হয়নি। ফলে পরবর্তী ইন্টারভিউ ও চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়াও থমকে রয়েছে। চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণেই নিয়োগ প্রক্রিয়া এগচ্ছে না। মেধার ভিত্তিতে নিয়োগের পরিবর্তে রাজনৈতিক সমীকরণকে গুরুত্ব দেওয়ায় গোটা প্রক্রিয়া কার্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে সরকারি কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিকে সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের তালিকা প্রকাশ করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত দিয়েছে। সেই আবহে দীর্ঘদিন ধরে আটকে থাকা এই নিয়োগ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। চাকরিপ্রার্থীদের দাবি, প্রশাসনের কাছে স্পষ্ট কোনো রোডম্যাপ না থাকায় তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে। 
গঙ্গারামপুরের এক চাকরিপ্রার্থী সৌম্য বসাক বলেন, জেলায় চাকরির সুযোগ এমনিতেই সীমিত। সামান্য কয়েকটি পদেও যদি নিয়োগ বছরের পর বছর আটকে থাকে, তাহলে যুব সমাজের মধ্যে হতাশা বাড়বে। আমরা চাই প্রশাসন দ্রুত ফলপ্রকাশ করে মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ সম্পন্ন করুক।
এবিষয়ে জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার পরিবর্তনের পর আমরা স্বচ্ছ ও দ্রুত নিয়োগের পক্ষে। জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হবে, যেসব নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে সেগুলির ফল প্রকাশ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করা হোক।

Advertisement
সম্পর্কিত সংবাদ