গোপাল সূত্রধর, বালুরঘাট: কে কত কাছের, প্রমাণ করার জন্য যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। নির্বাচনি প্রচারে বেরিয়ে কেউ নাপিতের হাত থেকে ক্ষুর নিয়ে ভোটারের দাড়ি কামাচ্ছেন। কেউ খুন্তি নিয়ে রান্না করে দিচ্ছেন। জমি থেকে আলু তোলা বা চপ ভেজে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় প্রার্থীদের এমন ছবি ও ভিডিও এখন ভাইরাল।
এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে দেখা গেল বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার রাজমিস্ত্রিদের হাত থেকে কোদাল নিয়ে বালির সঙ্গে সিমেন্ট মাখিয়ে দিলেন। এরপর নির্মাণ কাজেও হাত লাগান তিনি। এভাবেই কার্যত প্রচারে ঝড় তুলেছেন রাজ্য বিজেপির ওবিসি মোর্চার সভাপতি এই প্রার্থী। তাঁর অভিযোগ, কুমারগঞ্জ ব্লক জুড়ে অনুন্নয়ন। বটুন গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলিতে রাস্তাঘাট একেবারেই বেহাল। সেই পথে সাইকেল নিয়ে প্রচার চালাচ্ছি।
সোমবার সকালে শুভেন্দু পাইকপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে দেখলেন ঘর নির্মাণ চলছে। সেখানে কাজে হাত লাগান তিনি।
বিষয়টি নিয়ে তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী তোরাফ হোসেন মণ্ডলের মন্তব্য, মিথ্যে কথা বলছেন বিজেপির প্রার্থী। তিনি যেসব এলাকা ঘুরছেন, সেখানে গত ১০ বছরে বহু রাস্তা করেছি। বরং বিজেপি কোনো কাজ করেনি। প্রচারে থাকার জন্য রাজমিস্ত্রিদের সঙ্গে কাজ করছেন। এসব করে লাভ হবে না। উন্নয়ন দেখেই মানুষ আমাকে ভোট দেবে।
অন্যদিকে, নির্বাচনী প্রচারে গিয়ে তপনের তৃণমূলের প্রার্থী চিন্তামণি বিহা মানুষের অভাব অভিযোগ শুনলেন। তিনি এদিন বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রায়নগরে প্রচার সারছিলেন। সেই সময় এক বৃদ্ধা প্রার্থীকে জানান, তিনি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাননি। বাধ্য হয়ে নিজেরাই ঘর তৈরি করে নিয়েছেন। এই প্রশ্নে কিছুটা অস্বস্তিতে পড়ে যান প্রার্থী এবং উপস্থিত তৃণমূল নেতারা।
এদিকে ওই এলাকায় আরও অনেকেই প্রার্থীকে কাছে পেয়ে আশীর্বাদ করেন। চিন্তামণিও বয়স্কদের প্রণাম করেছেন। ওই এলাকার অনেক মহিলা অভিযোগ করেন, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রার্থী। এদিন তাঁর সঙ্গে ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা সহ অন্যরা। এবিষয়ে চিন্তামণি বলেন, অনেক জায়গায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শুনছি। বহু মানুষ রাজ্য সরকারের নানা সুবিধা পেয়েছেন। তবে বিজেপির বিধায়ক কিছুই করেননি।
এদিন বিজেপির বিদায়ী বিধায়ক তথা প্রার্থী বুধরাই টুডুও তপনের নানা এলাকায় ঘুরেছেন। ওই প্রসঙ্গে বলেন, আমি অনেক কাজ করেছি। তবে তৃণমূল বেশিরভাগ কাজ করতে দেয়নি।
এছাড়াও কুমারগঞ্জ, বালুরঘাটের তৃণমূল, বিজেপি এবং আরএসপি প্রার্থীদের জোর প্রচার করতে দেখা যায় এদিন। • প্রচারে চিন্তামণি বিহা (বামে) ও শুভেন্দু সরকার। - নিজস্ব চিত্র।