নিজস্ব প্রতিনিধি, আসানসোল: জনবসতির নিরিখে রাজ্যের অন্যতম জনবহুল শহর আসানসোল। শহরের মূল অংশে আর তিল ধারণের জায়গা নেই। অথচ চাপ বেড়েই চলেছে। এই অবস্থায় শহরের ফাঁকা জমিতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে সুপরিকল্পিত শহরের বিস্তার চাইছে পুরদপ্তর। তাঁর প্রথম বড় পদক্ষেপ হিসাবে ‘সাউথ সিটি রোড’ করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। এবার তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে কলকাতায় পুরদপ্তরের। জেলাশাসক সহ জেলা প্রশাসন, এডিডিএ, আসানসোল পুরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানেই এই রাস্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে গিয়েছে। রাস্তার প্রাথমিক নকশাও তৈরি। এখনই এ নিয়ে প্রকাশ্যে খুব বেশি না বলা হলেও একথা স্পষ্ট কালিপাহাড়ী মোড় থেকে ১৯ নম্বর জাতীয় সড়কে থেকে রাস্তাটি যাবে। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকা দিয়ে রাস্তাটি গিয়ে দামোদর নদের কাছে শেষ হবে। সেখানেই দামোদরের উপর সেতু গড়ে তোলা হবে, যা শিল্পাঞ্চলের সঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়াকে সংযুক্ত করবে। এদিন প্রাথমিক ভাবে এই মেগা রোড প্রজেক্টের পাশাপাশি দামোদরের উপর সেতু তৈরি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। শুধু এই মেগা প্রজেক্টই নয়, আসানসোল দুর্গাপুরের মধ্যে মেট্রো প্রজেক্ট নিয়েও এই বৈঠকে বিস্তারিত চর্চা হয়েছে। পুরদপ্তরের শীর্ষকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, এই উৎসবের মরশুমেও শিল্পাঞ্চলের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আমরা করেছি। সাউথ সিটি রোড নিয়ে আলোচনা হয়েছে। আসানসোল-দুর্গাপুর মেট্রো নিয়েও রাইসের সঙ্গে আলোচনা করা হয়েছে। শিল্পাঞ্চলের রূপই পাল্টে যাবে। আসানসোলে শহরের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জিটি রোড। প্রথমে এই গুরুত্বপূর্ণ রাস্তার উপরই জনবসতি, পরে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে। পরে ১৯ নম্বর জাতীয় সড়ক তৈরি হওয়ার পর তার চারপাশেও বসতি গড়ে উঠেছে। প্রতি বছর শহরের মানুষের সংখ্যা বাড়ছে। আপকার গার্ডেন, কল্যাণপুর থেকে মহিশিলা, ইসমাইলে আর নতুন করে আবাসন বসতি গড়ার জমি নেই বললেই চলে। অথচ আসানসোল শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে দামোদর নদী। মনোরম সেই নদী তীর। এই অংশে নগরায়নের গতি কম। মূলত যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ার জন্যই, এলাকার বিকাশ হয়নি। এই অবস্থায় সেই ফাঁক পূরণ করতে চলেছে সাউথ সিটি রোড। এতদিন পুরমন্ত্রী এ নিয়ে বার বার প্রতিশ্রুতি দিলেও এবার বৈঠক হল। সেখানেই রাস্তার জন্য কোথায় কী পরিমাণ জমির প্রয়োজন হবে, তাও রাইটস জেলা প্রশাসন ও এডিডিএকে জানিয়ে দিয়েছে। এছাড়া খুব দ্রুত রাইটস আসানসোল-দুর্গাপুর প্রস্তাবিত মেট্রোর সার্ভে শুরু করতে চলেছে বলে মিটিং থেকে জানা গিয়েছে।
জেলাশাসক তথা এডিডিএ চেয়ারম্যান পোন্নমবলম এস বলেন, পুরদপ্তরের নির্দেশ মেনে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে।



