Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মান্ধানাদের সামনে দক্ষিণ আফ্রিকা

মান্ধানাদের সামনে দক্ষিণ আফ্রিকা
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশাখাপত্তনম: শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারানোর পর এবার সামনে দক্ষিণ আফ্রিকা। মহিলাদের ওডিআই বিশ্বকাপে ভারতের পরের দুটো ম্যাচও বেশ কঠিন। প্রোটিয়াদের পর হরমনপ্রীতদের প্রতিপক্ষ যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই তিনটি দলই সেমি-ফাইনালে ওঠার জোরাল দাবিদার। আর সেজন্যই স্মৃতি-রিচাদের সামনে কঠিন চালেঞ্জ। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার সঙ্গী হচ্ছে প্রথম দুটো ম্যাচ জেতার আত্মবিশ্বাস। তবে কিছুটা হলেও চিন্তা থাকছে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগ নিয়ে। 

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২৪ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে একসময় স্কোর ছিল ১৫৯-৫। স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত ও জেমাইমা রডরিগেজের ব্যাটে রানের খরা উদ্বেগ বাড়াচ্ছে। এই ত্রয়ীই ভারতীয় ব্যাটিংয়ের নিউক্লিয়াস। কিন্তু প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ থেকেছেন তাঁরা। ফলে ব্যাট হাতে দায়িত্ব নিতে হয়েছে হারলিন দেওল, আমনজ্যোৎ কাউর, রিচা ঘোষ, দীপ্তি শর্মাদের। দুটো ম্যাচেই ভারত জেতায় স্মৃতিদের ব্যর্থতা নিয়ে সেভাবে চর্চা হয়নি। কিন্তু, বড় ম্যাচে হরমনপ্রীত, জেমাইমার কাছে রানের প্রত্যাশা থাকছে। রানে ফিরতে মরিয়া স্মৃতিও। নেটে বাড়তি সময় কাটাচ্ছেন তিনি। 
গুয়াহাটিতে শ্রীলঙ্কার বাঁ-হাতি স্পিনার ইনোকা রনবীরার সামনে অসহায় দেখিয়েছিল হারলিন, জেমাইমা ও হরমনপ্রীতকে। পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার সাদিয়া ইকবালও বেগ দেন ভারতীয়দের। প্রোটিয়া বাঁ-হাতি স্পিনার নোনকুলুলেকো এমলাবারের বিরুদ্ধে সেজন্যই সতর্কতা জরুরি। ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪০ রানে চার উইকেট নিয়েছেন তিনি। ভারতের টিম কম্বিনেশন নিয়েও থাকছে প্রশ্ন। পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছেন হরমনপ্রীত। কিন্তু বিশাখাপত্তনমের পাটা পিচে ষষ্ঠ বোলারের প্রয়োজন পড়তেই পারে। আমনজ্যোৎ চোট সারিয়ে সুস্থ। কিন্তু তিনি দলে ঢুকলে কে বাদ পড়বেন? জেমাইমা বা হারলিনকে বসানোর সাহস দেখানো কি ঠিক হবে?
দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হেরেছিল। সেই ম্যাচে মাত্র ৬৯ রানে দাঁড়ি পড়েছিল তাদের ইনিংসে। পরের ম্যাচে অবশ্য নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারায় লরা উলভার্ট ব্রিগেড। শতরান করান তাজমিন ব্রিটস। পাকিস্তান ম্যাচে সেরার পুরস্কার পাওয়া ক্রান্তি গৌড় নিশ্চয়ই চাইবেন তাঁকে দ্রুত ফেরাতে। ভারতীয় স্পিনাররাও রয়েছেন ছন্দে।
 খেলা শুরু বিকেল তিনটেয়। সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ