দিল্লি: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভরাডুবি হয়েছিল প্রোটিয়াদের। সূর্যকুমারদের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল দক্ষিণ আফ্রিকা। কুড়ির বিশ্বকাপে পাশার দান পাল্টানোর আশায় ম্যান্ডেলার দেশ। আগামী ২২ ফেব্রুয়ারি আমেদাবাদে সুপার এইটের ম্যাচে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবেন ডি’ককরা। তার আগে বুধবার আমিরশাহিকে সহজেই বশ মানিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল দক্ষিণ আফ্রিকা। দিল্লির কোটলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে মাত্র ১২২ রান করে আরব আমিরশাহি। জবাবে মাত্র ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। রিয়ান রিকেলটন ১৬ বলে ৩০ ও ডিওয়াল্ড ব্রেভিস ২৫ বলে ৩৬ রান করে দলের সহজ জয় নিশ্চিত করেন।



