


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লজ্জার হার। ঘরের মাঠেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩০ রানে হারল ভারত। যার ফলে সিরিজে লিড নিল প্রোটিয়ারা। চাপ বাড়ল টিম ইন্ডিয়ার। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে প্রতি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। ইডেনের টেস্ট ম্যাচ ছিল রোমাঞ্চে ভরা। প্রতি মুহূর্তে পট পরিবর্তন হচ্ছে। ঘূর্ণি পিচে রান তোলা দুই দলের পক্ষেই কার্যত অসম্ভব হয়ে পড়ছিল। দ্বিতীয় দিনেই ম্যাচের রাশ চলে যায় স্পিনারদের হাতে। ম্যাচের দু’দিনেই পড়ে যায় ২৭ উইকেট। তার মধ্যে শনিবারই ১৫টি। সিংহভাগ উইকেট স্পিনারদের ঝুলিতে। প্রথম ইনিংসে ভারত ও দক্ষিণ আফ্রিকার উভয়ের ব্যাটিংই ছিল দুর্বল। দক্ষিণ আফ্রিকার ১৫৯-এর জবাবে ভারতের ইনিংস থামে ১৮৯ রানে। ৩০ রানের লিড নেন গম্ভীরের ছেলেরা। তবে দ্বিতীয় দিনেই বড় ধাক্কা খায় ভারত। কারণ ঘাড়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন শুভমান গিল। দ্বিতীয় ইনিংসে মাঠের বাইরে চলে যান তিনি। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৭ উইকেটে ৯৩। লিড ৬৩ রানের।
তৃতীয় দিনে খেলতে নেমে দলকে যোগ্য নেতৃত্ব দেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। ৫৫ রান করেন তিনি। তাঁর কাঁধে ভর করেই দক্ষিণ আফ্রিকা ভারতকে ১২৪ রানের টার্গেট দেয়। জবাবে দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নেমে প্রথম থেকেই হোঁচট খেতে থাকে। শূন্য রানে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল, রাহুলের স্কোর ১। আগ্রাসী মনোভাব দেখাতে গিয়ে ১৩ রানে ক্যাচ আউট হন ধ্রুব জুরেল। আজ, রবিবার ইডেনের মাঠে ব্যর্থ হন ঋষভ পন্থও(২)। ক্রিজে কেবলমাত্র টিকে ছিলেন ওয়াশিংটন সুন্দর। তিনি করেন ৩১ রান। ঝোড়ো ব্যাটিং করতে গিয়ে ২৬ রানে উইকেট দিয়ে বসেন অক্ষর প্যাটেলও। ভারতীয় শিবিরে একজন দক্ষ ব্যাটসম্যানের অভাব ও শুভমান গিলের মাঠে না থাকার সুযোগ নেন প্রোটিয়ারা। ৩০ রানে জাদেজাদের হারিয়ে প্রথম টেস্টে জয়ী হয়েছেন বাভুমারা। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার শিমন হার্মার।