নিজস্ব প্রতিনিধি, বারাসত: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে এগিয়ে রাখছেন সৌরভ গাঙ্গুলি। শনিবার মধ্যমগ্রামে এমএলএ কাপের ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। ট্রফি রোহিত শর্মার হাতেই উঠবে।’ শনিবার মধ্যমগ্রামের বসুনগর মাঠে আয়োজিত হয় এমএলএ কাপ ফুটবলের ফাইনাল। মঞ্চে ভারতের প্রাক্তন অধিনায়কের পাশাপাশি ছিলেন মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ সহ অন্যান্যরা। রোহিত শর্মার ভবিষ্যত্ নিয়েও প্রশ্ন করা হয় সৌরভকে। তাঁর জবাব, ‘কয়েক মাস আগেই তো রোহিতের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতল ভারত। রবিবার আরও একটা ফাইনাল খেলবে ওর দল। ক্যাপ্টেন হিসেবে খুবই সফল। তাই অবসরের প্রশ্নই উঠে না।’



