Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্রোটিয়া ক্যাপিটালসের কোচ সৌরভ গাঙ্গুলি

অবসরের পর ক্রিকেট আঙিনায় নানা ভূমিকায় দেখা গিয়েছে সৌরভ গাঙ্গুলিকে। কখনও তিনি সামলেছেন প্রশাসকের দায়িত্ব। কখনও টিম ডিরেক্টর বা মেন্টর। তবে এবার অন্য অবতারে ধরা দেবেন মহারাজ।

প্রোটিয়া ক্যাপিটালসের কোচ সৌরভ গাঙ্গুলি
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সেঞ্চুরিয়ন: অবসরের পর ক্রিকেট আঙিনায় নানা ভূমিকায় দেখা গিয়েছে সৌরভ গাঙ্গুলিকে। কখনও তিনি সামলেছেন প্রশাসকের দায়িত্ব। কখনও টিম ডিরেক্টর বা মেন্টর। তবে এবার অন্য অবতারে ধরা দেবেন মহারাজ। দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে প্রোটিয়া ক্যাপিটালসের হেড কোচ নিযুক্ত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। গতবার দায়িত্ব সামলে ছিলেন ইংল্যান্ডের জোনাথন ট্রট। কিন্তু তাঁর পারফরম্যান্স আশানুরূপ ছিল না। তাই ট্রটকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল সৌরভকে।

Advertisement

দিল্লি ক্যাপিটালস সূত্রেই কোচের পদে সৌরভের অভিষেক। আসলে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি যৌথভাবে জেএসডব্লু স্পোর্টস এবং জিএমআর গ্রুপের হাতে। তাদেরই দল প্রিটোরিয়া। গতবার সৌরভকে সরিয়ে জিএমআর গ্রুপ কেভিন পিটারসেনকে মেন্টর করেছিল দিল্লি ক্যাপিটালসের। সৌরভ হয়েছিলেন জেএসডব্লুর স্পোর্টস ডিরেক্টর। এবার আরও বড় দায়িত্ব। ম্যান্ডেলার দেশে টি-২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের দায়িত্ব সামলাবেন সৌরভ। অনেকে মনে করছেন, আগামী দিনে দিল্লি ক্যাপিটালসেরও কোচ হতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সৌরভ গাঙ্গুলি যে কোচিং কেরিয়ারে আসতে আগ্রহী, সেই ইঙ্গিত দিয়েছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন, সুযোগ পেলে টিম ইন্ডিয়ার হেড কোচ হতে রাজি তিনি। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের কোচ হওয়ার যাবতীয় গুণ রয়েছে সৌরভের মধ্যে। তাঁর নেতৃত্বেই গড়াপেটার কালো অধ্যায় পেরিয়ে সাফল্যের শিখর ছুঁয়েছিল দেশের ক্রিকেট। কোচ হিসেবেও তিনি সফল হবেন বলেই মত ওয়াকিবহাল মহলের।
এদিকে, সৌরভ আবার ক্রিকেট প্রশাসনেও ফিরবেন বলে জানিয়েছেন। সেপ্টেম্বরে সিএবি’তে নির্বাচন। সভাপতি পদে মনোনয়ন দেওয়ার কথা তাঁর। সেই মতো প্রস্তুতিও চলছে। সবকিছু ঠিক থাকলে, সৌরভের সিএবি সভাপতি হওয়া শুধু সময়ের অপেক্ষা।

Advertisement
সম্পর্কিত সংবাদ