সংবাদদাতা, রঘুনাথপুর: সম্প্রতি সাঁওতালডিহি থানা এলাকায় একটি পাহাড়ের মেলাতে ডিজে বাজানোকে কেন্দ্র করে পুলিসের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক তর্কাতর্কি হয়েছিল। তাই সরস্বতী পুজোতে কোনও ভাবেই ডিজে বাজানো চলবে না জানিয়ে সাঁওতালডিহি থানার পুলিসের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারপরেও পুলিস নিষেধাজ্ঞা অমান্য করে দুটি গ্রামে উচ্চস্বরে ডিজে বাজানোর অভিযোগ উঠে। অভিযোগ পেয়ে বুধবার রাতে সাঁওতালডিহি থানার পুলিস ৯ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় তিনটি পিকআপ ভ্যান ভর্তি ডিজে সাউন্ড বক্স বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে আইন অমান্য করা, পরিবেশ দূষণের মতো কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিস। জানা গিয়েছে, সম্প্রতি সাঁওতালডিহি থানার পাহাড়িগোড়া এলাকায় একটি মেলাতে ডিজে বাজানোকে কেন্দ্র করে পুলিসের সঙ্গে মেলা কমিটির ঝামেলা হয়েছিল। ঘটনায় পুলিসের গাড়ি ভাঙচুর ও পুলিস কর্মীদের মারধোর করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এক সপ্তাহের বেশি সময় ধরে এলাকার কয়েকটি গ্রামে অভিযুক্তদের ধরার জন্য পুলিস লাগাতার অভিযান চালিয়েছিল। এখনও বেশকিছু অভিযুক্ত যুবক গ্রেপ্তার হওয়ার ভয়ে গ্রামের বাইরে রয়েছে। ঘটনাকে জেরে এলাকার একটি সামাজিক সংগঠন ডিজে বাজানো বন্ধ করার জন্য প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছিল। তাই সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এলাকায় কোথাও ডিজে বাজাতে দেওয়া হবে না বলে পুলিস সিদ্ধান্ত নেয়। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক করা হয়।
Advertisement
পুলিসের অভিযোগ, ডিজে বাজানো বন্ধ করার পরেও কিছু যুবক শোনেনি। তাই ওইদিন রাতে সরস্বতী বিসর্জনে ডিজে বাজানোর অভিযোগ পেয়ে বেলকূড়া ও পোড়াডি গ্রামে পুলিস অভিযান চালায়। ঘটনায় বেলকূড়া থেকে একজন এবং পড়াডি থেকে আট জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ডিজে ভর্তি তিনটি পিকআপ ভ্যান আটক করে থানায় নিয়ে আসা হয়।
সাঁওতালডিহি থানার পুলিস জানিয়েছে, সরস্বতী পুজো সহ অন্যান্য পুজো, উৎসব অনুষ্ঠান যাতে ডিজে বাজানো না হয় তার জন্য এলাকার বাসিন্দা ও বিভিন্ন ক্লাবকে নিয়ে থানায় মিটিং করা হয়েছে। তারপরও ডিজে বাজানোয় এই পদক্ষেপ।
সাঁওতালডিহি থানার পুলিস জানিয়েছে, সরস্বতী পুজো সহ অন্যান্য পুজো, উৎসব অনুষ্ঠান যাতে ডিজে বাজানো না হয় তার জন্য এলাকার বাসিন্দা ও বিভিন্ন ক্লাবকে নিয়ে থানায় মিটিং করা হয়েছে। তারপরও ডিজে বাজানোয় এই পদক্ষেপ।



