সংবাদদাতা, রঘুনাথপুর: অতিরিক্ত পণের দাবিতে সাঁওতালডিহির এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম সোনালি তন্তুবায়। ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিস মৃতার স্বামী উজ্জ্বল তন্তুবায়কে শনিবার গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
অভিযোগকারী মৃতার বাবা প্রভাস তন্তুবায় বলেন, প্রায় সাড়ে ছ’বছর আগে মেয়ের বিয়ে হয়েছিল। নাতি ও নাতনি হয়। নাতনি হওয়ার পর থেকে অত্যাচার বেড়ে যায়। মেয়েকে ২ লক্ষ টাকা আনার জন্য চাপ দিয়েছিল। আমি ৩১ ডিসেম্বর মেয়ের বাড়ি গিয়েছিলাম। তখন জানিয়েছিল, টাকা না দিলে ওরা বিষ খাইয়ে মেরে ফেলবে বলে জানিয়েছে। আমি চলে আসার পর ১ জানুয়ারি জানতে পারি, মেয়ের শরীর খারাপ। ফের সেখানে যাই। কিন্তু, মেয়েকে দেখতে পাইনি। পরে জানতে পারি, মেয়ে মারা গিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, শ্বশুরবাড়ির লোকজন ওকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। তাই ঘটনার তদন্ত চেয়ে থানায় অভিযোগ জানিয়েছি। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মৃতার শ্বশুর, শাশুড়ি পলাতক। তাদের সন্ধান চলছে।



