প্রদীপ্ত দত্ত, ঝাড়গ্রাম: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই নিয়ে দেশজুড়ে চর্চা চলছে। বই ঘিরে প্রশংসার পাশাপাশি সমালোচনার ঝড়ও উঠছে সমানে। ঝাড়গ্রাম জেলাতেও বিতর্কের আঁচ এসে পড়েছে। পাঁচ দশক আগে ঝাড়গ্রামে ইন্দিরা গান্ধীর জনসভাও আলোচনায় উঠে এসেছে। ১৯৭২ সালে ইন্দিরা গান্ধী লোকসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের বেতকুন্দ্রী এলাকার মাঠে এসেছিলেন। জনসভার মাঠে স্লোগান উঠেছিল, ‘ইন্দিরা, মুজিবর, কোশিগিন—বিশ্বে আনছে নতুন দিন।’
সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশের পর আলোচনায় উঠে আসছে বেতকুন্দ্রীর ইন্দিরা ময়দানের নাম। যে ময়দানের নাম জেলার মানুষের স্মৃতি থেকে একপ্রকার মুছে গিয়েছে। বর্ষীয়ান কংগ্রেস নেতারা অতীতের সেই দিনগুলি ফিরে দেখছেন। স্বাধীনতা পরবর্তী কংগ্রেসের রাজনৈতিক স্বর্ণযুগের নানা স্মৃতি তুলে ধরছেন। সময়টা ১৯৭১ সাল। তৎকালীন পূর্ব পাকিস্তানে পাক সেনাবাহিনীর অত্যাচার ও বর্বরতা চরমে উঠেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর যৌথ অভিযানে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ভারত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। লোকসভায় দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী ঘোষণা করেছিলেন, ‘ঢাকা এখন স্বাধীন দেশের মুক্ত রাজধানী।’ কয়েক মাস পরেই ১৯৭২ সালের লোকসভা নির্বাচন হয়। নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভার কংগ্রেস প্রার্থী অমিয় কিস্কুর সমর্থনে ইন্দিরা গান্ধী জনসভা করেছিলেন। বেতকুন্দ্রীর মাঠে তাঁকে দেখতে মানুষের ঢল নেমেছিল। বেলপাহাড়ির কংগ্রেস কার্যালয়ে বসে বর্ষীয়ান কংগ্রেস নেতা সুব্রত ভট্টাচার্য বলেন, ‘সেই সময় আমি বেলপাহাড়ি ব্লক ও ঝাড়গ্রাম মহকুমা যুব কংগ্রেসের সভাপতির দায়িত্বে। রাজ্য যুব কংগ্রেসের সভাপতি প্রিয়রঞ্জন দাসমুন্সি প্রধানমন্ত্রীর সভা করতে আসার কথা জানান। বেলপাহাড়ী থেকে মাত্র দু’টো ও শিলদা থেকে চার-পাঁচটি লরি কোনওরকমে জোগাড় করতে পেরেছিলাম। যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। তারপরেও কাতারে কাতারে মানুষ সাইকেলে ও হেঁটে সভায় এসেছিলেন। সেদিন সভাস্থলে স্লোগান উঠেছিল, ‘ইন্দিরা, মুজিবর, কোশিগিন, বিশ্বে আনছে নতুন দিন।’ ইন্দিরা গান্ধী সেইসময় আমেরিকার আধিপত্য মেনে নেননি। অথচ বর্তমান সরকার তাদের কাছেই মাথা নত করছে।’ সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন বিদেশিনী এই দেশকে আপন করে নিয়েছেন। রাজীব গান্ধীর মৃত্যুর পর এক বছর কালাশৌচ পালন করেছিলেন। তাঁর আত্মত্যাগ নিয়েও নানা কথা তোলা হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দে বলেন, ‘সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই প্রকাশের পর ঝাড়গ্রামে ইন্দিরা গান্ধীর জনসভার কথা নতুন করে চর্চায় উঠে এসেছে। দলের কর্মীরাও উৎসাহিত হচ্ছেন। বইটি যাতে আরও বেশি মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে, তার জন্য দলের তরফে উদ্যোগ নেওয়া হচ্ছে।’ ঝাড়গ্রাম শহরের বাসিন্দা লেখক স্বপন মাহাত বলেন, ‘বেতকুন্দ্রীর যে মাঠে ইন্দিরা গান্ধী জনসভা করতে এসেছিলেন, একসময় সেই মাঠের নাম হয়ে গিয়েছিল ইন্দিরা ময়দান। এখন অবশ্য জেলার অনেক মানুষই সেই ইতিহাস ভুলে গিয়েছেন। প্রবীণদের মুখে শুনেছি, সেদিন বিপুল মানুষের সমাগম হয়েছিল। জেলায় এমন জনসমাবেশ আর কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের সভায় হয়নি।’



