সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর কি এখন মানুষের বসবাসের অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে? কারণ গত ১৫ বছরে যেভাবে এই এলাকায় জনসংখ্যা বেড়েছে, তাতে এই প্রশ্ন অমূলক নয়। সোজাসুজি বললে, গোটা দক্ষিণ ২৪ পরগনায় সোনারপুরই সবথেকে জনবহুল এলাকা হয়ে উঠেছে। সেপ্টেম্বরে প্রথম পর্যায়ে বাড়ি শুমারি শেষে চমকে দেওয়ার মত তথ্য সামনে এসেছে। শহর ও গ্রাম মিলিয়ে সোনারপুরে বসবাস করছেন ৮ লক্ষ ৭৬ হাজারের বেশি মানুষ। এমনই আভাস মিলেছে গণনার পরিসংখ্যান থেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০১১ সালের জনগণনা রিপোর্ট অনুযায়ী, এই এলাকায় ২ লক্ষ ১৯ হাজারের বেশি মানুষের তথ্য নথিভুক্ত হয়েছিল। এবার সেই সংখ্যা প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত মিলেছে।
কেন এই পরিস্থিতি? এর একাধিক কারণ ব্যাখ্যা করেছেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হল নগরায়ন। সোনারপুর জুড়ে উত্তরোত্তর বেড়েছে বহুতলের সংখ্যা। একইসঙ্গে পাল্লা দিয়ে চলছে জমি কিনে বাড়ি নির্মাণের কাজ। ঘিঞ্জি শহর কলকাতা ছেড়ে অনেকেই এই অঞ্চলে চলে আসছেন। যেকারণে প্রতি বছরই জনসংখ্যা বাড়ছে। এছাড়াও সরকারি চাকরিজীবী বিশেষ করে শিক্ষক-শিক্ষিকারা দক্ষিণ ২৪ পরগনার গ্রামীণ এলাকায় অফিস বা স্কুলে পোস্টিং পেলে তাঁরা বসবাসের জন্য সোনারপুরকেই বেছে নিচ্ছেন। কারণ এখান থেকে ট্রেনে জেলার বিভিন্ন প্রান্তে যাওয়া যায়।
কলকাতায় উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র পুরানো বাড়ি ভেঙে মাথা তুলেছে একের পর এক হাইরাইজ। এখন সেই প্রবণতা দেখা যাচ্ছে নরেন্দ্রপুর, রাজপুর, সোনারপুরে। এবারের গণনার প্রথম পর্বে শুধু রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় সাড়ে পাঁচ লক্ষেরও বেশি মানুষ থাকার আভাস পাওয়া গিয়েছে। আর পঞ্চায়েত এলাকায় প্রায় ৩ লক্ষ ২০ হাজার মানুষের বসবাসের ইঙ্গিত মিলেছে। পুরোটাই সোনারপুর ব্লকের মধ্যে পড়ে। এখানকার পঞ্চায়েত এলাকাগুলিও কার্যত শহরের রূপ পেয়েছে। কালিকাপুর, খেয়াদহের মতো জায়গায় এখন বড়ো বড়ো ইমারত গজিয়ে উঠেছে। কামালগাজি বাইপাসে শুধু আবাসনের কমপ্লেক্স। গত কয়েক বছরে নির্মাণকাজের গতি অনেকটাই বেড়েছে। বাইরে থেকেও বহু মানুষ এসে এখানে থাকতে শুরু করেছেন। তবে সোনারপুর লাগোয়া বারুইপুরে তেমন জন বিস্ফোরণ হয়নি। এখানে ২০১১ সালে ৪ লক্ষের কিছু বেশি মানুষের বাস ছিল। এবার তা বেড়ে ৬ লক্ষের মতো হয়েছে। সুন্দরবন এলাকার মধ্যে ক্যানিং ১ নম্বর ও বাসন্তী ব্লকে যথাক্রমে ৩ লক্ষ ৭৬ হাজার ও ৪ লক্ষ ৩১ হাজারের কিছু বেশি মানুষের তথ্য পাওয়া গিয়েছে। শেষবারের গণনার থেকে তা প্রায় ১ লক্ষের মত বেশি।



