নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর মহাবিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপর নজরদারি করবে বিশেষ কমিটি। শুক্রবার কলেজের গভর্নিং বডির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে ওই কমিটি কাজ করবে বলে জানা গিয়েছে। তাতে একজন শিক্ষাকর্মীসহ মোট তিনজনকে রাখা হয়েছে। কলেজ চলাকালীন গোটা ক্যাম্পাস জুড়ে তাঁরা নজর রাখবেন, কোথায় কী হচ্ছে।
সম্প্রতি কলেজের ইউনিয়ন রুমে তৃণমূলের এক যুবনেতাকে এক ছাত্রী মাসাজ করে দিচ্ছেন বলে যে ভিডিও প্রকাশ্যে এসেছিল, তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়। ছাত্র-ছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এসব নিয়ে এদিনের গভর্নিং বডির বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়। তাতে সব সদস্যরা সর্বসম্মতভাবে কমিটি তৈরির পক্ষে সওয়াল করেন। কলেজের অভিজ্ঞ ও প্রবীণ অধ্যাপকদেরও ওই কমিটিতে রাখা হয়েছে।
এক সদস্য বলেন, কোনওভাবে কলেজের শৃঙ্খলা ভাঙা যাবে না। কেউ যাতে কোনও অভব্য আচরণ না করেন, সেটাই দেখা হবে। এছাড়াও আগামী দিনে ছাত্রছাত্রীদের জন্য কী করণীয় এবং কী নয়, তা নিয়ে বিশেষ গাইডলাইন তৈরি করছে কলেজ কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে এই নিয়ে বাকি অধ্যাপকদের সঙ্গে বৈঠক করবেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তবে ওই ভিডিও নিয়ে কোনও তদন্ত আপাতত করা হচ্ছে না বলেই এদিনের বৈঠকে ঠিক হয়। সদস্যদের মতে, এ বিষয়ে যদি কোনও অভিযোগ আসে তখন বিষয়টি দেখা হবে।