মুম্বইয়ের বাসভবনে একান্তে সময় কাটাচ্ছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বর্তমানে অন্তঃসত্ত্বা ক্যাটরিনার ব্যক্তিগত মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেয় কয়েকজন। এর বিরুদ্ধে গর্জে উঠলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করে অভিনেত্রীর বক্তব্য, ‘যারা এমন কাজ করেছে, তারা দুষ্কৃতীর থেকে কম কিছু নয়।’ এর আগে একাধিক বলিউড তারকার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করা হয়েছে সমাজমাধ্যমে। মূলত গোপনে ক্যামেরাবন্দি করা হয় সেই সব ছবি। ক্যাটরিনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাতেই স্বাভাবিকভাবে রেগে গিয়েছেন সোনাক্ষী। এর আগে রণবীর কাপুর ও আলিয়া ভাটের নতুন বাংলো তৈরি হওয়ার আগেই তার ছবি ভাইরাল করার অভিযোগ উঠেছিল। আলিয়া তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তারপরও যে পরিস্থিতির বদল ঘটেনি, ফের প্রমাণ করল ক্যাটরিনার ভাইরাল হওয়া ছবিটি।



