Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআর নিয়ে প্রতিবাদ জানাতে পার্লামেন্টে বিজেপি নেতার ছেলে, আটকাল পুলিশ, আজ সকালে পৌঁছবে হাওড়া

বাবা, মা দুজনেই বিজেপি নেতা। কিন্তু ছেলে এসআইআরের বিরুদ্ধে। প্রেসিডেন্সিতে পড়াশোনা করা সৌম্যদীপ গোস্বামী নাকি চেয়েছিলেন পার্লামেন্টে গিয়ে এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।

এসআইআর নিয়ে প্রতিবাদ জানাতে পার্লামেন্টে বিজেপি নেতার ছেলে, আটকাল পুলিশ, আজ সকালে পৌঁছবে হাওড়া
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: বাবা, মা দুজনেই বিজেপি নেতা। কিন্তু ছেলে এসআইআরের বিরুদ্ধে। প্রেসিডেন্সিতে পড়াশোনা করা সৌম্যদীপ গোস্বামী নাকি চেয়েছিলেন পার্লামেন্টে গিয়ে এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। কিন্তু তার আগেই তাঁকে আটকায় পুলিশ। সৌম্যদীপের বাবা মঙ্গলকোটের দাপুটে বিজেপি নেতা আলোকতরঙ্গ গোস্বামী বলেন, দিল্লি থেকে এক মহিলা পুলিশ অফিসার ফোনে তাঁকে জানিয়েছেন যে, সৌম্যদীপকে নিয়ে তাঁরা শনিবার সকালে হাওড়া এসে পৌঁছবেন। আলোকতরঙ্গ গোস্বামী বলেন, আমার ছেলের বয়স ২৯ বছর। সে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। আমাদের জানিয়েই সে দিল্লিতে গিয়েছিল। যা করেছে ঠান্ডা মাথাতেই করেছে। ছেলে যেভাবে এসআইআর করা হচ্ছে, তা মানতে পারছিল না। আমার নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান থাকলেও ওর স্বাধীন চিন্তাভাবনায় বাধা দেওয়ার অধিকার আমার নেই। যেটা ওর করতে ইচ্ছে হয়েছে, করেছে। পুলিশ আইন মেনে কোনো ব্যবস্থা নিলে নেবে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার এসআইআর নিয়ে প্রতিবাদ জানাতে সৌম্যদীপ দিল্লি গিয়েছিল। সংসদ ভবনে ঢোকার মুখে দিল্লি পুলিশ তাকে আটকায়। উল্লেখ্য, ১৯২৯ সালের ৮ এপ্রিল ছিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত ব্রিটিশ ভারতের পার্লামেন্টে বোমা ফেলেছিলেন। গত বুধবারও ছিল ৮ এপ্রিল। 

Advertisement

মঙ্গলকোটের কৈচরে একটি ভাড়াবাড়িতে থাকেন আলোকতরঙ্গ গোস্বামী ও তাঁর স্ত্রী বুলবুলদেবী। দু’ জনেই পুরানো বিজেপি নেতা। বুলবুলদেবী সিউড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাতেও হাজির ছিলেন। তাঁদের একমাত্র ছেলে সৌম্যদীপ প্রেসিডেন্সি থেকে পড়াশোনা শেষ করে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। থাকনে কলকাতার গল্ফ গ্রিনে। 
দিল্লি যাওয়ার আগে সৌম্যদীপ তাঁর সমাজ মাধ্যমের পাতায় বিজেপি সরকারের অনুপ্রবেশকারীদের পুশব্যাক নীতি নিয়ে দীর্ঘ বক্তব্য রাখে। ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তের পার্লামেন্ট অভিযানের কথাও উল্লেখ ছিল তাঁর ফেসবুক পেজে। মঙ্গলকোটের বিদায়ী বিধায়ক তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী বলেন, যাক তাহলে বোধোদয় হয়েছে ছেলের। এসআইআর নিয়ে যে আমরা প্রথম থেকেই যা দাবি করে আসছিলাম, তা বিজেপি নেতার ছেলে অন্তত বুঝেছে। আসলে ওরা তো নতুন প্রজন্ম।

Advertisement
সম্পর্কিত সংবাদ