ঝগড়া থামাতে গিয়ে নেশাগ্রস্ত শ্যালকের হাতে খুন জামাইবাবু
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শ্যালকের বিরুদ্ধে জামাইবাবুকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে খানাকুলের চুয়াডাঙ্গা গ্রামের রানা পাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হেমন্ত রানা (৩৯)। বাড়ি চুয়াডাঙা গ্রামেই। এই ঘটনায় মৃতের ভাই মিঠুন রানা বৃহস্পতিবার খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মৃতের তুতো শ্যালক মনসা রানাকে গ্রেপ্তার করেছে খানাকুল থানার পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক বলেন, প্রতিবেশী ও পরিবারের সদস্যদের সঙ্গে বচসা চলছিল অভিযুক্তের। সেইসময় হেমন্তবাবু বচসা থামাতে গেলে অভিযুক্ত মনসা তাঁকে ছুরি দিয়ে কোপায়। বুক, পেট মিলিয়ে তিন জায়গায় ক্ষত চিহ্ন ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি স্পষ্ট হবে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

Advertisement

মৃতের স্ত্রী সুষমা রানা বলেন, কাকার ছেলে মনসা তার স্ত্রী, শাশুড়িকে মারধর করছিল। আমার স্বামী সেখানে রাস্তায় দাঁড়িয়ে কেন মারধর করছে তা জানতে চায়। সেইসময় মনসা স্বামীকে ছুরি দিয়ে মেরেছে। ওর সঙ্গে আমাদের কোনো গন্ডগোল, ঝগড়া ছিল না। 
মৃতের শ্যালক গণেশ রানা বলেন, বুধবার রাতে কাকুর ছেলে মনসা তার বাড়িতে গন্ডগোল করছিল। গালাগালি দিচ্ছিল। আমরা গিয়ে থামিয়েও দিয়ে আসি। তারপর জামাইবাবু এসে মনসাকে থামতে বলে। তাতেই নেশাগ্রস্ত অবস্থায় মনসা জামাইবাবুকে ছুরি দিয়ে তিন জায়গায় আঘাত করে। আমরা ছোট থেকে মনসাকে কোলেপিঠে করে বড় করেছি। কিন্তু এখন মনসা মাঝেমধ্যেই বাড়িতে ঝামেলা করত। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মনসার জেঠুর মেয়ের সঙ্গে একই পাড়াতেই বিয়ে হয়েছিল হেমন্তবাবু। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর দুই ছেলে ভিন রাজ্যে কাজ করেন। বুধবার কার্তিক পুজো উপলক্ষ্যে পাড়াতেই খাওয়া দাওয়া হয়। সেখানে মনসাও যোগ দেয়। দুপুরের পর রাতে মনসার বাড়িতেই অশান্তি শুরু হয়। তা থামাতেও যান পরিবারের অন্য সদস্যরা। সেইসময় মনসার বাড়ির কাছে যান হেমন্তবাবুও। ঝামেলা না করার পরামর্শ দিলে হেমন্তবাবুর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে মনসা। সেইসময় একটি ছুরি দিয়ে হেমন্তবাবুকে আঘাত করে মনসা বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হেমন্তবাবুকে রাতেই আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর চুয়াডাঙা গ্রামে সাময়িক উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অকুস্থল ঘিরে দিয়েছে। বৃহস্পতিবার গ্রামে পুলিশ পিকেটিংও করা হয়। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের শ্যালক বলেন, আমাদের সঙ্গে মনসার ভালো সম্পর্ক ছিল। ভাইফোঁটায় দিদি মনসাকে ফোঁটা দিয়েছিল। উপহারও দিয়েছিল। ওর বাইক কেনার পর কিস্তি মেটাতেও ভাগ্নেরা সাহায্য করেছিল। সেই মনসা এমন কাণ্ড ঘটাতে পারে ভাবতেই পারছি না। আমরা ওর কঠোর শাস্তি চাই। 
অন্যদিকে, মৃতের ভাই বিজেপি কর্মী বলে দাবি। তাই খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ রাতেই মেডিকেলে যান। তিনি বলেন, পারিবারিক বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে। পুলিশকে বলা হয়েছে দোষীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে।