মুম্বই: তারকা বাবার ছেলেদের নিয়ে সমালোচনা নতুন নয়। সুনীল গাভাসকরের পুত্র রোহন থেকে শচীনের ছেলে অর্জুন— প্রত্যেককেই পড়তে হয়েছে এমন বিড়ম্বনায়। ব্যতীক্রম নন আর্যবীর সেওয়াগও। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তাঁর বাবা বীরেন্দ্র সেওয়াগ। বীরুর কথায়, ‘পদবি সেওয়াগ হওয়ায় ছেলে আর্যবীরকে অনেক সমালোচনায় সম্মুখীন হতে হয়েছে। তবে এগুলো এড়িয়ে যাওয়ার কথাই বার বার ওকে বলেছি। সম্মান অর্জন করতে হলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স মেলে ধরতে হবে। এবং সেটা ও করেছে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেরা প্লেয়ার আর্যবীর নিজের যোগ্যতায় সম্মান অর্জন করেছে। তাতে আমি খুবই খুশি। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে যেভাবে ও অর্ধশতরান হাঁকিয়েছে, তা সত্যিই তারিফযোগ্য। গুরুত্বপূর্ণ ম্যাচে বড়ো অবদান রাখাটাই তো আসল।’
অস্বীকারের উপায় নেই, সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের সাফল্যের অন্যতম কাণ্ডারি আর্যবীর। ৪ ম্যাচে ৩৬১ হাঁকিয়ে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকও তিনি। তবে সেওয়াগের মতে, এখনও অনেক পথ চলা বাকি। বীরুর সংযোজন, ‘আর্যবীরকে আগামী দিনেও ধারাবাহিককতা দেখাতে হবে। না হলে বিদ্ধ হবে সমালোচনায়। তবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পর ওর প্রতিভা নিয়ে আর সংশয়ের অবকাশ নেই। সবাই জানতে পেরেছে, বড়ো মঞ্চে পারফর্ম করতে ছেলেটা সক্ষম।’



