নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলে, বউমা ও নাতির বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটে পুরশুড়ার মারকুণ্ডা ঘোষপাড়া এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সিদ্ধেশ্বর পাত্র(৭১)। এই ঘটনায় মৃতের বড় ছেলে অনন্ত, বউমা সুমিতা ও নাতি যীশুকে গ্রেপ্তার করেছে পুরশুড়া থানার পুলিস।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে তাঁদের পারিবারিক অশান্তি চলছিল। বুধবার তা চরমে পৌঁছয়। অভিযোগ, ওইদিন সিদ্ধেশ্বরবাবুকে মারধর করা হয়। জখম অবস্থায় তাঁকে প্রথমে পুরশুড়ার শ্রীরামপুরে ব্লক হাসপাতালে ও পরে আরামবাগ মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতের স্ত্রী মিনতিদেবী পুরশুড়া থানায় অভিযোগ জানান। তার ভিত্তিতে রাতেই পুলিস তিনজনকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতদের বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছেলে ও নাতিকে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করা হবে। ঘটনার পুনর্নির্মাণও করা হবে। ঘটনায় কোনও হাতিয়ার ব্যবহার করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে। মৃতের ছোট ছেলে প্রহ্লাদ পাত্র বলেন, দাদার সঙ্গে বাবার জমি-জায়গা নিয়ে ঝামেলা ছিল। দাদা ও তার পরিবার মিলে ওইদিন বিকেলে বাবাকে মারধর করে। তাতেই বাবার মৃত্যু হয়।