নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ঝুলন্ত অবস্থায় গৃহকর্তার দেহ উদ্ধারের ঘটনায় মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেপ্তার করল পুলিস। মায়ের অভিযোগ, সম্পত্তির জন্য নিজের বাবাকে খুন করেছে ছেলে। তার ভিত্তিতে মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়েছে সৌরভ সাধুখাঁকে। মগরা থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিসের দাবি, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
পুলিস সূত্রে খবর, গত ১৫ জুলাই বাড়ি থেকে বৃদ্ধ গোবিন্দ সাধুখাঁর (৭০) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মগরা থানা এলাকার জয়পুরে তাঁর বাড়ি। সেই সময়ে বাড়িতে ছিলেন না স্ত্রী বন্দনা সাধুখাঁ। তিনি নদীয়ার চাকদহে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি স্বামীর মৃত্যুসংবাদ পান। বন্দনাদেবীর দাবি, ‘ছেলে ও বউমা সম্পত্তির জন্য তাঁর স্বামীর উপর অত্যাচার চালাত। তার জেরেই বাবাকে খুন করেছে সৌরভ।’ বুধবার রাতে মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিস।
ঘটনাটি আত্মহত্যা, নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিস। সূত্রের খবর, প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল। পরে মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেপ্তার করা হয়।