‘গুজরাত হিংসায় মোদির বিরুদ্ধে তদন্ত আটকে দেন কয়েকজন কংগ্রেস নেতা’, বিস্ফোরক দাবি ইউপিএ সরকারের আইনমন্ত্রী মইলির
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ২০০২ গুজরাত হিংসায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে যাবতীয় তদন্ত আটকে দিয়েছিলেন তৎকালীন ইউপিএ সরকারের কয়েকজন কংগ্রেস নেতা। এখন তার ফল ভুগতে হচ্ছে দলকে। এমনটাই অভিযোগ প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী এম বীরাপ্পা মইলির। তবে কারো নাম উল্লেখ করেননি প্রবীন কংগ্রেস নেতা। এতে মোদির উত্থানের পথ প্রশ্বস্ত হয়েছিল বলে দাবি করেছেন তিনি। গুজরাত হিংসা নিয়ে মইলির এমন বিস্ফোরক মন্তব্যে হাত শিবিরের অভ্যন্তরীণ দ্বন্দ্বই সামনে চলে এল বলে মনে করা হচ্ছে। 

Advertisement

মঙ্গলবার কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির দপ্তরে সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আইনমন্ত্রী। শুরুতেই সোহরাবুদ্দিন শেখ ভুয়ো এনকাউন্টার মামলায় অমিত শাহের গ্রেপ্তারির প্রসঙ্গ তোলেন বীরাপ্পা। এই ঘটনা শাহর রাজনৈতিক কেরিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছিল বলেও মন্তব্য করেন তিনি।  তাঁর কথায়, ‘বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাহ সবার আগে জেলে গিয়েছিলেন। উনি আজকের মতো শক্তিশালী নেতা কখনই হতে পারতেন না। মামলার বিচার প্রক্রিয়া চলছিল গুজরাতের বাইরে।  শাহ নির্বাসনে ছিলেন।’ তিনি আরও বলেন, একই পরিণতি হতে পারত গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদিরও। কিন্তু কেন্দ্রের তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের কয়েকজনই গুজরাত হিংসার তদন্তে রাশ টেনেছিলেন। উল্লেখ্য,  ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে ইউপিএ সরকারের আইনমন্ত্রী ছিলেন মইলি। তাঁর দাবি, তদন্ত সম্পন্ন হলে নির্বাসনে চলে যেতেন বর্তমান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘মোদিরও শাহের মতো পরিণতি হতে পারত। উনি হয়তো নির্বাসনে চলে যেতেন। কিন্তু আমাদের ইউপিএ সরকার তদন্ত থামিয়ে দেয়। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে যুক্ত ছিলেন না। তবে বেশ কয়েকজন নেতা এই সিদ্ধান্ত নেন। এই মুহূর্তে এর থেকে বেশি তথ্য দিতে পারব না।’ এভাবে মোদির উত্থানের জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশকে দায়ী করেন বীরাপ্পা। তাঁর কথায়, ‘দলের বহু নেতা স্থিতাবস্থা বজায় রাখতে পছন্দ করতেন। কোনোরকম পরিবর্তন চাননি। সোনিয়া গান্ধী সংস্কার করতে চেয়েছিলেন। এজন্য কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশে আপত্তি জানিয়েছিলেন কংগ্রেসের কয়েকজন নেতা। ওই সংস্কার কার্যকরা হলে  হলে আজ মোদি ক্ষমতায় আসতে পারতেন না।’  প্রসঙ্গত, ২০১০ সালে মোদিকে গুজরাত হিংসা মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল বিশেষ তদন্তকারী দল। ২০১২ সালে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ক্লিনচিট দেয় সিট। ভুয়ো এনকাউন্টার মামলায় অমিত শাহকেও ছাড়পত্র দেয় আদালত।  ফাইল চিত্র