নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বারবার সতর্ক করার পরও ঠিকমতো চলছে না কিছু অঙ্গনওয়াড়ি। এই ঘটনায় চরম ক্ষুব্ধ জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। শনিবার শহরের বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আচমকা পরিদর্শনে যান তিনি। এরমধ্যে জলপাইগুড়ি শহরের নিউ টাউন পাড়া এবং মুহুরিপাড়ার দু’টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল দেখে মহকুমা শাসক প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেন।
সূত্রের খবর, মহকুমা শাসক যখন পরিদর্শনে যান,তখন হাতেগোনা পড়ুয়া ছিল ওই দুই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কেন এত কম পড়ুয়া তা নিয়ে সেন্টারের কর্মীদের কাছে কৈফিয়ৎ তলব করেন মহকুমা শাসক। অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেদের আয়নার সামনে দাঁড় করান। আদৌও কি আপানারা নিজেদের দায়িত্ব পালন করছেন? সেটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই জিজ্ঞাসা করুন। বারবার বলার পরও কেন আপনাদের হুঁশ ফিরছে না, এটা ভেবে অবাক লাগছে।
যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়ারা ঠিকমতো আসছে না, সেই কেন্দ্রগুলির কর্মীদের দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। তিনি বলেন, জলপাইগুড়ি শহরের কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঠিকমতো চলছে না। সারপ্রাইজ ভিজিটে গিয়ে কিছু খামতি আমার চোখে ধরা পড়েছে। দু’টি সেন্টারের কর্মীদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে। এবার আমরা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব। কিছু অঙ্গনওয়াড়িতে খাতায় কলমে যত শিশু রয়েছে, দেখা যাচ্ছে তারমধ্যে বেশকিছু শিশু নিয়মিত আসছে না। ওইসব কেন্দ্রগুলিকে বলা হয়েছে, কেন ওই শিশুরা অঙ্গনওয়াড়িতে আসছে না, তার রিপোর্ট জমা দিতে। সেইসঙ্গে সময়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা, খাবারের মানের দিকে নজর রাখতে বলা হয়েছে।