Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘১১২’ ডায়ালে সমাধান, এক ঘণ্টায় উদ্ধার সিআইএসএফ জওয়ানের চুরি যাওয়া স্কুটার

ভরসন্ধ্যায় বাজার থেকে চুরি হয়েছিল এক সিআইএসএফ জওয়ানের স্কুটার।

‘১১২’ ডায়ালে সমাধান, এক ঘণ্টায় উদ্ধার  সিআইএসএফ জওয়ানের চুরি যাওয়া স্কুটার
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভরসন্ধ্যায় বাজার থেকে চুরি হয়েছিল এক সিআইএসএফ জওয়ানের স্কুটার। চোর ধরতে তিনি সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ‘১১২’ ডায়াল করেন। নিমেষে পুলিসের গাড়িতে অনলাইন ট্যাবে আসে ইমার্জেন্সি অ্যালার্ট! সঙ্গে ছিল লোকেশন। মাত্র এক ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া স্কুটার উদ্ধার করল বিমানবন্দর থানার পুলিস। ‘চোর’ চম্পট দিলেও স্কুটারটি অক্ষত অবস্থায় মিলেছে। থানায় ডেকে জওয়ানের হাতে সেই স্কুটারটি ফিরিয়ে দেওয়া হয়েছে। তাতে খুশি ওই জওয়ান।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ‘১০০’ ডায়ালে পুলিসকে ফোন করা যায়। কিন্তু, বছর তিনেক আগে চালু হয়েছে ‘১১২’ নম্বর। এই নম্বরটিকে ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম বলা হয়। কেউ বিপদে পড়লে বা জরুরি পরিস্থিতি তৈরি হলে ১১২ ডায়াল করতে পারেন। যিনি ডায়াল করবেন, তাঁর লোকেশন সহ বার্তা দ্রুত সিআইডি’র কন্ট্রোল রুমে যাবে। সেখান থেকে অটো জেনারেট হয়ে পুলিসের কন্ট্রোল রুম এবং সংশ্লিষ্ট এলাকার থানার আরটি ভ্যানে (র‌্যাপিড ট্রানজিট ভ্যান) অ্যালার্ট যায়। পুলিসের আরটি ভ্যানে অনলাইন ট্যাব থাকে। ১১২ ডায়াল করলে এলার্ট ওই ট্যাব পর্যন্ত চলে আসে। ফলে, সংশ্লিষ্ট থানার পুলিস দ্রুত পদক্ষেপ করতে পারে। অ্যাপ নির্ভর ক্যাবে ‘এসওএস’ সিস্টেম থাকে। কোনও জরুরি পরিস্থিতি হলে সেই এসওএস বটম প্রেস করলে একইভাবে অ্যালার্ট যায়।
পুলিস জানিয়েছে, ওই সিআইএসএফ জওয়ানের নাম সুমন রায়। তিনি কলকাতা এয়ারপোর্টে হেড কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। সোমবার সন্ধ্যার সময় তিনি বিমানবন্দর থানা এলাকায় স্কুটার পার্ক করে মহাজাতি বাজারে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, স্কুটার নেই। তখনই তিনি ১১২ ডায়াল করেন। কিছুক্ষণের মধ্যে আরটি ভ্যানে অ্যালার্ট আসতেই বিমানবন্দর থানার পুলিস তল্লাশি অভিযান শুরু করে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। তাতে দেখা যায়, এক যুবক ওই স্কুটারটি ঠেলে নিয়ে যাচ্ছে। পুলিস ওই রুটে ধাওয়া করে দেখে, এক জায়গায় স্কুটারটি পড়ে রয়েছে। যুবক হাওয়া!
পুলিস জানিয়েছে, স্কুটারের হ্যান্ডেল লক করা ছিল। অভিযুক্ত ওই লক খুলতে পারলেও স্টার্ট করতে পারেনি। তাই ঠেলে নিয়ে যাচ্ছিল। কিন্তু, পরিস্থিতি বেগতিক বুঝে সে স্কুটার ফেলে পালিয়ে যায়। অভিযোগ থেকে স্কুটার উদ্ধার পর্যন্ত সময় লেগেছে মাত্র ৬০ মিনিট! 

Advertisement
সম্পর্কিত সংবাদ