সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া ১ নম্বর ব্লকে আরও একটি গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালু হল। মঙ্গলবার ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের উদ্বোধন করেন উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, যুগ্ম বিডিও লিপিকা রায়ম উলুবেড়িয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্রশেখর প্রামাণিক প্রমুখ।
ব্লক প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশে ভারত মিশন (গ্রামীণ) তহবিলের টাকায় এই প্রকল্প গড়া হয়েছে। এটি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ২৬ লক্ষ টাকা। তিনটি ই-কার্টের মাধ্যমে পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করা হবে। আজ, বুধবার থেকেই প্রকল্পের কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর। ৩ জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। সূত্রের খবর, এই ইউনিটকে সামনে রেখেই ওই দিনটি পালন করতে চলেছে বহিরা গ্রাম পঞ্চায়েত। ব্লক প্রশাসন সূত্রে খবর, এই ইউনিট থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য কালীনগর গ্রাম পঞ্চায়েতে তৈরি পুনর্ব্যবহারযোগ্য সেন্টারে পাঠানো হবে। সেখানে প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করার পর তা দিয়ে বিভিন্ন সামগ্রী নির্মাণ ও রাস্তা তৈরি করা যাবে। এদিন প্রকল্প উদ্বোধন করে মহকুমা শাসক মানসকুমার মণ্ডল বলেন, প্রতিটি নাগরিকের সচেতনতা এবং অংশগ্রহণ ছাড়া এই উদ্দেশ্য সফল হতে পারে না। বিডিও বলেন, ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে প্লাস্টিক মুক্ত ঘোষণা করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ করতে হলে সব মানুষের সক্রিয় অংশগ্রহণ যেমন সুনিশ্চিত করতে হবে, তেমনই তাঁদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই কালীনগর, হীরাপুর এবং মহেশপুর গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজ, বুধবার থেকে বহিরা গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হবে। এছাড়াও হাটগাছা ১ ও ২, ধুলাসিমলা এবং তপনা গ্রাম পঞ্চায়েতে এ মাসেই প্রকল্পের কাজ শুরু হবে।-নিজস্ব চিত্র