নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিশুদের জন্য নিরাপদ নয় সেনাবাহিনীর আবাসনও। কারণ, সরষের মধ্যেই ভূত! কলকাতা শহরের এক সেনা আবাসনে সম্প্রতি যৌন নির্যাতনের শিকার হয়েছে স্বয়ং এক সেনা আধিকারিকের নাবালিকা কন্যা। অভিযুক্ত বাইরের কেউ নন, বাহিনীরই একজন জওয়ান। ঘটনার পর হেস্টিংস থানায় লিখিত অভিযোগ করেন ওই আধিকারিকের স্ত্রী। তার ভিত্তিতে নাবালিকাকে যৌন নির্যাতন, হেনস্তা সহ একাধিক ধারায় কেস রুজু করে পুলিশ। গত রবিবার রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত জওয়ান মোহিত বোথানকে। ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তার পরনের জামাকাপড়ও।
দক্ষিণ কলকাতার ওই সেনা আবাসনে মূলত আর্মির বড়োকর্তারা থাকেন। পুলিশ সূত্রে খবর, আবাসনের মধ্যে একটি পার্ক রয়েছে। রোজই বিকালের দিকে সেনা আধিকারিকদের সন্তানরা সেখানে খেলতে আসে। সন্ধ্যা পর্যন্ত তাদের খেলাধুলো চলে। কোনো অঘটন যাতে না ঘটে, তা দেখভালের জন্য সেখানে হাজির থাকেন সেনা জওয়ানরা। তাঁরাই মূলত আধিকারিকদের সন্তানদের ফ্ল্যাট থেকে পার্কে নিয়ে আসেন। অনেক আধিকারিক বা তাঁদের স্ত্রীরাও মাঝেমধ্যে পাহারায় থাকেন সেখানে। আর পাঁচটা দিনের মতো গত ৫ নভেম্বর, বৃহস্পতিবার পার্কে অন্যদের সঙ্গে খেলতে এসেছিল ওই নাবালিকা। খেলতে খেলতে সন্ধ্যা সাড়ে সাতটা বেজে যায়। পার্কও কিছুটা খালি হয়ে যায়। সেই সুযোগে নাবালিকার কাছে এসে পড়ে অভিযুক্ত জওয়ান। তাকে একাধিকবার কুরুচিকর ইঙ্গিত করে। কিন্তু মেয়েটি কিছু বুঝতে পারেনি। এরপর ওই জওয়ান বিভিন্ন অশ্লীল প্রস্তাব দেয় বলে অভিযোগ। তাতে রাজি হয়নি ওই নাবালিকা। ফলে রেগে গিয়ে তাকে কোলে তুলে যৌন নিপীড়ন ও হেনস্তা করতে শুরু করে অভিযুক্ত। নাবালিকার ঠোঁট মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। জানা গিয়েছে, মেয়েটিকে কিছুতেই ছাড়তে চাইছিল না ওই জওয়ান। সে ছটফট করতে থাকে। একসময় চিৎকারও শুরু করে। তখন ভয় পেয়ে তাকে কোল থেকে নামিয়ে দেয় অভিযুক্ত জওয়ান। চিৎকার শুনে ছুটে আসেন পার্কের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। তাঁদের গোটা ঘটনা জানায় ওই নাবালিকা। কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা বিষয়টি শোনার পর মেয়েটিকে ফ্ল্যাটে পৌঁছে দেন। ফ্ল্যাটে এসে গোটা ঘটনার কথা মাকে জানায় ওই নাবালিকা। এক সেনা জওয়ান এই ঘটনা ঘটিয়েছে শুনে তিনি হতভম্ব হয়ে পড়েন। খানিক বাদে নীচে নেমে এসে জানতে চান, পার্কের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা তখন কোথায় ছিলেন? আবাসনের দায়িত্বে থাকা আধিকারিককেও গোটা বিষয়টি জানানো হয় নাবালিকার পরিবারের তরফে। এরপর সেনা আধিকারিকের স্ত্রী হেস্টিংস থানায় গিয়ে ওই সেনা জওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গিয়েছে, ওই আবাসন থেকে প্রথমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারী অফিসার। সেটি বিশ্লেষণ করে চিহ্নিত করা হয় অভিযুক্ত জওয়ান মোহিতকে। ঘটনার দিন সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের বয়ানও রেকর্ড করা হয়। এরপর রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে হেস্টিংস থানা। সোমবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। আদালতে সরকারি আইনজীবী বলেন, ‘নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে সেই জওয়ানই কলঙ্কজনক ঘটনা ঘটিয়েছে। তাকে জেরা করে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার প্রয়োজন রয়েছে। একইসঙ্গে ঘটনাস্থল নির্দিষ্ট করতে হবে।’ সওয়াল শেষে অভিযুক্তকে পুলিশি হেপাজতে পাঠিয়েছে আদালত।।



