• সদ্য মা হয়েছেন তিনি। পুত্রকে নিয়ে কীভাবে যে সময় কেটে যাচ্ছে, তা ঠিক বুঝে উঠতে পারছেন না। কত কিছু যে নতুন করে শিখতে হচ্ছে। এর মধ্যেই নতুন ছবি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন সহকর্মীরা। আর তিনি সামনে না থাকলে সারাক্ষণ যেন জুড়ে রয়েছেন ছবির সঙ্গেই। তিনি অভিনেত্রী সোহিনী সরকার। মুক্তির অপেক্ষায় মানসী সিনহা পরিচালিত ‘বেগনি রঙের আলো’। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোহিনী।
পরিচালক হিসেবে এটি মানসীর তৃতীয় ছবি। মা- মেয়ের গল্প নিয়ে ছবির চিত্রনাট্য বুনেছেন পরিচালক। মানসীর কথায়, ‘খুব ভালোবেসে আমরা ছবিটা করার চেষ্টা করেছি। বেগনি মানে অধিকারের রঙ, আর ভালোবাসার চেয়ে বড় অধিকার কিছু নেই। প্রত্যেকটা মানুষের এই অধিকার আছে। সেই ভালোবাসা এবং ভালোবাসাহীনতা নিয়ে এই ছবি। মা- মেয়ের সম্পর্ক। পাওয়া না পাওয়া ইত্যাদি অনেক কিছুই দেখা যাবে এখানে।’
সোহিনী জানিয়েছেন, ছবির নামটা খুব অন্যরকম। মন ছুঁয়ে যাওয়া অনুভূতির গল্প। ‘মানসীদি (সিনহা) একদিন গল্পটা আমাকে শোনান। উনি ভালো অভিনেত্রী। ফলে গল্পটাও ভাষা দিয়ে, আবেগ দিয়ে গুছিয়ে বলেছিলেন। শুনেই ভালো লেগে যায়। কিন্তু তার প্রায় তিন বছর পর ছবিটা তৈরি হয়।’
এই ছবিতে সোহিনীর স্বামীর চরিত্রে দেখা যাবে নবাগত অভিনেতা বিশ্বরূপ চক্রবর্তীকে। তিনি এই ছবির সহ- প্রযোজক। মা - মেয়ের গল্প হলেও এখানে এক নারীর বৈবাহিক জীবনের নিঃসঙ্গতাকে তুলে ধরা হয়েছে। চন্দন সেন, অর্পিতা ঘোষ, অঙ্কিতা ব্রহ্ম, শুভম রায়ের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।
সঙ্গীতা চৌধুরী