মুম্বই: বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং তাঁর শ্বশুর তথা প্রযোজক বাসু ভাগনানির ১২টি ঠিকানায় তল্লাশি চালাল মুম্বইয়ের আয়কর বিভাগ। হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় সোমবার এই অভিযান চালানো হয়। আয়কর বিভাগ সূত্রে জানা গিয়েছে, সিনেমা প্রযোজনার নামে বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে রকুলপ্রীত ও ভাগনানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় হানা দিয়ে অর্থনৈতিক লেনদেনের তথ্য, বিভিন্ন নথি এবং বিদেশ থেকে আসা বিভিন্ন টাকার হিসাব উদ্ধার করা হয়েছে। সেগুলিই মুম্বই আয়কর বিভাগ খতিয়ে দেখছে। এর আগে গত বছরের ডিসেম্বরে মাদক সংক্রান্ত এক মামলায় রকুলের ভাই আমনপ্রীত সিংয়ের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায় মুম্বই পুলিশ। সেই সময় মুম্বই পুলিশের বিশেষ টিমের হাতে গ্রেপ্তার হন দুই ব্যবসায়ী। তাঁদের কাছ থেকে ৪৩ গ্রাম কোকেন এবং ১১.৫ গ্রাম এমডিএমএমএ মাদক বাজেয়াপ্ত করা হয়। পুলিশের অনুমান, আমন ওই দুই ব্যবসায়ীর থেকে অন্তত পাঁচবার নিষিদ্ধ মাদক কিনেছেন। তার জেরেই হানা দেয় মুম্বই পুলিশ। এবার হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় আয়কর বিভাগের নজরে আমনের দিদি রকুলপ্রীতও।



