Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিজিটাল লেনদেনে প্রবীণদের সতর্ক থাকার পরামর্শ সমাজকল্যাণ দপ্তরের

আধুনিক প্রযুক্তি সম্পর্কে সড়গড় না হওয়ায় বর্তমানে বহু প্রবীণ বাসিন্দা ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন। সাইবার প্রতারকরা বয়স্কদের টার্গেট করছে

ডিজিটাল লেনদেনে প্রবীণদের সতর্ক থাকার পরামর্শ সমাজকল্যাণ দপ্তরের
  • ১১ মার্চ, ২০২৬ ১৪:০৩

সংবাদদাতা, বোলপুর: আধুনিক প্রযুক্তি সম্পর্কে সড়গড় না হওয়ায় বর্তমানে বহু প্রবীণ বাসিন্দা ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন। সাইবার প্রতারকরা বয়স্কদের টার্গেট করছে। অথচ সতর্ক হলেই এসব প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায়। মঙ্গলবার বোলপুরের গীতাঞ্জলির শান্তিদেব কক্ষে প্রবীণদের সতর্ক থাকার বার্তা দিল বীরভূম জেলা সমাজকল্যাণ দপ্তর। প্রবীণ নাগরিকদের অধিকার, সমস্যা ও সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কর্মশালা করে দপ্তর। ছিলেন জেলা সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক পার্থ দাশগুপ্ত, শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিংহ, বোলপুরের মহকুমা শাসক অনিমেষকান্তি মান্না সহ আইনজীবী ও প্রশাসনিক আধিকারিকরা। 

Advertisement

প্রবীণদের দৈনন্দিন জীবনে নানা সমস্যার পাশাপাশি বর্তমান সময়ে ডিজিটাল লেনদেনে প্রতারণা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। বক্তারা জানান, এখন অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংকিং ও আর্থিক লেনদেন অনলাইনের মাধ্যমে হচ্ছে। অনেক সময় প্রবীণ নাগরিকরা প্রতারণার শিকার হচ্ছেন। সেকারণে ডিজিটাল লেনদেনের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। অচেনা ফোন কল বা সন্দেহজনক লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য বা ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য শেয়ার না করতে উপস্থিত প্রবীণ নাগরিকদের সচেতন করা হয়। প্রয়োজনে পরিবারের সদস্যদের সাহায্য নিতে বলা হয়। কোনও সমস্যা হলেই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে যোগাযোগ করতে বলা হয়। এদিন প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য সচেতনতা ও সরকারি বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। 

সম্পর্কিত সংবাদ