রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রিল তৈরি করছেন এক তরুণী। তাঁকে ঘিরে দাঁড়িয়ে কয়েকজন ক্যামেরা পার্সন। তার জেরে আটকে যাচ্ছে গাড়ি।
ঘটনা ১: রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রিল তৈরি করছেন এক তরুণী। তাঁকে ঘিরে দাঁড়িয়ে কয়েকজন ক্যামেরা পার্সন। তার জেরে আটকে যাচ্ছে গাড়ি। সমস্যায় পড়ছেন পথচারীরা। কয়েকজন তো বলতে বলতে গেলেন, ‘যেখানে সেখানে কি শ্যুটিং করা যায়?’
ঘটনা ২: মা-বাবার সঙ্গে মিউজিয়ামে গিয়েছে শ্যামল। আচমকা সেখানে হুড়োহুড়ি। কারণ একদল কনটেন্ট ক্রিয়েটার এসেছেন রিল তৈরি করতে। শ্যুটিংয়ের জেরে মাথায় উঠল ঘোরা। অন্যান্য দর্শনার্থীরাও বিরক্ত।
রিল, সোশ্যাল মিডিয়ার ভিডিয়ো ভাইরালের সময়ে এমন ঘটনার উদাহরণ চতুর্দিকে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার প্রতিযোগিতায় অনেকেই শ্যুটিংয়ের সময় লোকেশনের গুরুত্ব, সাধারণ মানুষের অসুবিধার বিষয়টি ভুলে যান। সেই কারণে প্রশ্ন ওঠে, সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিয়ো বা রিল তৈরি করতে কি আলাদা কোনো আইন নেই? সহজ উত্তর, না। পৃথক কোনো আইন নেই। তাই প্রথাগত সিনেমা, সিরিয়াল বা সিরিজের শ্যুটিংয়ের ক্ষেত্রে যেমন অনুমতির প্রয়োজন, ইনস্টাগ্রাম রিল, ইউটিউব ভ্লগ বা ফেসবুক ভিডিয়ো তৈরির জন্য আলাদা অনুমতির দরকার পড়ে না। তবে অন্যান্য আইনের সাহায্যে এই বিষয়টি ব্যাখ্যা করা যায়। কোথায় শ্যুটিং হচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা, নিরাপত্তার বিঘ্ন কখন ঘটছে কি না, কারও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে কি না— এই বিষয়গুলি বিবেচনা করা হয়।
সর্বত্র কি শ্যুটিংয়ের অনুমতি প্রয়োজন?
রাস্তায় বা কোনো জনবহুল এলাকায় মোবাইল নিয়ে ভিডিয়ো তৈরি করলে প্রশাসনের অনুমতি নিতে হয় না। কিন্তু সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। কোনো জায়গায় প্রবেশ, ক্যামেরা ব্যবহারের উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিধিনিষেধ থাকলে, অনুমতি লাগবে। যেমন, ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, পেশাদার সরঞ্জাম ব্যবহার করে বা বাণিজ্যিক উদ্দেশ্যে ছবি ও ভিডিয়ো তোলার ক্ষেত্রে অনুমতি দরকার হয়। সাধারণ পর্যটক বা রেলপ্রেমীদের ব্যক্তিগত ব্যবহারের জন্য সীমিত কিছুক্ষেত্রে ছাড়ও রয়েছে। আবার কোনো জনবহুল এলাকায় রিল তৈরি করতে গেলে মাথায় রাখতে হবে, কারও যেন অসুবিধা না হয়। ব্যক্তি স্বাধীনতার কথাও মাথায় রাখতে হবে।
অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ছবি তোলা কি অপরাধ?
জনসমক্ষে, বলা ভালো ভিড়ে কোনো ব্যক্তির ছবি বা ভিডিয়ো তোলা হলে তা অপরাধের আওতায় পড়ে না। তবে অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত গোপন মুহূর্ত ক্যামেরাবন্দি করলে তা অপরাধ। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের ন’জন বিচারপতির বেঞ্চ কে এস পুট্টস্বামী বনাম ভারত সরকার মামলায় গোপনীয়তার অধিকারকে সংবিধানের অধীনে সুরক্ষিত মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেয়। এই অধিকার সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিস্বাধীনতার কথা বলা হয়েছে। বিনা অনুমতিতে কোনো ব্যক্তির গোপন ছবি তোলা হলে, পোস্ট করা হলে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ই ধারা প্রযোজ্য হবে। এই ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড, দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা দু’টিই হতে পারে।
গোপনে ভিডিয়ো করলে কী শাস্তি হতে পারে?
মহিলাদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে রেকর্ড করা বা সেই ছবি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর আইন রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৭ নম্বর ধারায় ‘ভয়্যারিজম’ বা গোপনে ব্যক্তিগত মুহূর্ত দেখার ও রেকর্ড করার অপরাধের কথা বলা হয়েছে। এই অপরাধে প্রথমবার দোষী সাব্যস্ত হলে এক থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে। দ্বিতীয় বা পরবর্তী অপরাধে তিন থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। উল্লেখযোগ্য বিষয়, কেউ ছবি তোলার অনুমতি দিলেও সেই ছবি অন্যের কাছে ছড়িয়ে দেওয়ার অনুমতি দিয়েছেন, এমনটা ধরে নেওয়া যায় না। তাই কোনো কনটেন্ট ক্রিয়েটার যদি মজাচ্ছলে ভিডিয়ো তৈরির নামে কাউকে গোপনে রেকর্ড করেন, তবে সেটি নিছক বিনোদনের বিষয় বলে এড়িয়ে যাওয়া যাবে না।
হাসপাতাল বা সরকারি দপ্তরের নিয়ম
আগেই বলা হল, রেলস্টেশনের ক্ষেত্রে নিরাপত্তা ও যাত্রীদের চলাচলের বিষয়টি গুরুত্বপূর্ণ। সেখানে রিল বা সোশ্যাল মিডিয়ার ভিডিয়ো তৈরি করতে হলে প্রাথমিকভাবে অনুমতি নিয়ে রাখা প্রয়োজন। আবার হাসপাতালের মতো জায়গায় রোগীর ব্যক্তিগত তথ্য ও চিকিৎসা সংক্রান্ত গোপনীয়তার প্রশ্নও রয়েছে। আদালত বা নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল কোনো স্থানে শ্যুটিং করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম জানা জরুরি। এখানে মনে রাখা দরকার, সব সরকারি প্রতিষ্ঠানে শ্যুটিং নিষিদ্ধ— এমনটা নয়। একইভাবে, সরকারি জায়গা বলে সেখানে যে কোনো ধরনের শ্যুটিং করা যাবে, এমন অধিকারও নেই।
ড্রোন দিয়ে ভিডিয়োর ক্ষেত্রে
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ড্রোন ভিডিয়ো। তবে ড্রোন দিয়ে শ্যুটিংয়ের ক্ষেত্রে কেবল ক্যামেরা ব্যবহারের নিয়ম নয়, আকাশপথে উড়ান বিধিও মানতে হয়। ভারতের ড্রোন বিধি, ২০২১ অনুযায়ী, ড্রোন ওড়ানোর আগে সংশ্লিষ্ট এলাকার আকাশসীমার নিয়ম জানা জরুরি। ডিজিটাল স্কাই ব্যবস্থায় আকাশসীমাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। গ্রিন, ইয়েলো ও রেড জোন। গ্রিন জোনে নির্ধারিত শর্ত মেনে সাধারণত আগাম অনুমতি ছাড়া ড্রোন চালানো যায়। ইয়েলো জোনে অনুমতি প্রয়োজন। রেড জোনে সাধারণত ড্রোন ওড়ানো যায় না। যেমন আন্তর্জাতিক সীমান্ত, সামরিক এলাকা বা বিমানবন্দরের কাছাকাছি অঞ্চল এই জোনে পড়ে।
মানহানির মামলা
সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলে ভিডিয়ো বানানোর প্রবণতা বেড়েছে। কিন্তু অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় না। কোনো ব্যক্তির সুনাম নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ প্রকাশ করা হলে মানহানির মামলা করা যায়। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ নম্বর ধারায় মানহানির বিধান রয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দু’বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা দু’ই দণ্ডই হতে পারে। অথবা সমাজসেবার শাস্তি হতে পারে। আবার সব অভিযোগই মানহানি নয়। তাই কোনো ভিডিয়োতে কাউকে অপরাধী বলে দাবি করার আগে সত্য যাচাই করা জরুরি। অভিযোগ থাকলে প্রমাণ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তা তুলে ধরাই কর্তব্য।
অন্যের গান বা ভিডিয়ো ব্যবহার করলে?
রিল তৈরির সময় জনপ্রিয় গান, সিনেমার দৃশ্য বা অন্যের তৈরি ভিডিয়ো ব্যবহার করা হয়। কিন্তু কোনো কনটেন্ট ইন্টারনেটে পাওয়া যাচ্ছে বলেই সেটি বিনা অনুমতিতে ব্যবহার করা যায় না। কপিরাইট আইন, ১৯৫৭ অনুযায়ী, গান, মিউজিক, সিনেমা, ভিডিয়ো অনুমতি ছাড়া সেগুলি ব্যবহার করলে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠবে। তবে আইনটির ৫২ নম্বর ধারায় সমালোচনা, পর্যালোচনা এবং বর্তমান ঘটনা নিয়ে প্রতিবেদন তৈরির মতো কিছু ক্ষেত্রে ‘ফেয়ার ডিলিং’-এর ছাড় রয়েছে, সেই ছাড়ের নির্দিষ্ট শর্তও রয়েছে।
ভারতে সোশ্যাল মিডিয়ার শ্যুটিংয়ের জন্য আলাদা আইন এখনও নেই। তবে ডিজিটাল ডেটা সুরক্ষা আইন, ২০২৩ পুরোপুরি কার্যকর হলে সোশ্যাল মিডিয়ার জন্য শ্যুটিংয়ের ক্ষেত্রে বিধিনিষেধ বাড়বে। ক্যামেরা হাতে নিলে তার সঙ্গে অন্যের নিরাপত্তার প্রশ্নও জড়িয়ে থাকে। সেই সীমারেখা ভুলে গেলে সাধারণ ভিডিয়ো আইনি জটিলতায় পড়তে পারে।
শান্তনু দত্ত



