সংবাদদাতা, বর্ধমান: গৃহবধূ ও তাঁর ছেলেকে অপহরণ করে আটকে রাখার অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিস। ধৃতের নাম হরিসাধন নন্দী। পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার উদয়পল্লিতে তার বাড়ি। বর্তমানে সে ভাতার থানার কালিপাহাড়িতে থাকে। বৃহস্পতিবার ভোর রাতে উদয়পল্লির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। গৃহবধূ ও তাঁর ছেলের হদিশ পেতে ধৃতকে ১০দিন হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের চারদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, পশ্চিম বর্ধমানের ফরিদপুরের গৌরবাজার এলাকার মেঘদূত পাণ্ডে তাঁর স্ত্রী ও সন্তানকে অপহরণ করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানান, গত ২৯ অক্টোবর তিনি স্ত্রী ও ছেলেকে আউশগ্রামের পাণ্ডুকগ্রামে শ্বশুরবাড়িতে দিয়ে আসেন। সেখান থেকে গত ২ নভেম্বর তাঁর স্ত্রী ও ছেলে নিখোঁজ হয়। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, এয়ারপোর্টে চাকরি দেওয়ার নাম করে তাঁর স্ত্রীকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। তাঁর স্ত্রী সঙ্গে সোনার গয়না ও মোবাইল নিয়ে গিয়েছে। এই ঘটনায় হরিসাধন সহ আরও কয়েকজন জড়িত বলে তিনি জানিয়েছেন।



