নয়াদিল্লি: রাজধানীতে ফের শিক্ষা প্রতিষ্ঠানে বোমাতঙ্ক। শুক্রবার সকালে দিল্লি ও নয়ডার দু’টি স্কুল সহ সেন্ট স্টিফেন্স কলেজ বোমা মারার হুমকি দেওয়া হল। ইমেল মারফত এই হুমকি আসে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস, বম্ব স্কোয়াড ও পুলিস কুকুর। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও কিছুই মেলেনি।
Advertisement
এদিন সকালে দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ , অ্যালকন ইন্টারন্যাশনাল স্কুল ও নয়ডার শিব নাদর স্কুলে বোমা মারার হুমকির জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি স্কুল ও কলেজ চত্বর সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়। স্কুলের পড়ুয়াদেরও ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর তল্লাশি শুরু করে পুলিস ও বম্ব স্কোয়াড। কিন্তু কোথাও কিছু উদ্ধার হয়নি। এনিয়ে দিল্লি পুলিসের তরফে জানানো হয়, তিনটি প্রতিষ্ঠানের কোথাও সন্দেহজনক কিছুই মেলেনি। কেউ বা কারা ইমেলে ভুয়ো হুমকি দিয়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিগত কয়েকমাস ধরেই দিল্লির একাধিক স্কুলে এমন ভুয়ো হুমকির ঘটনা সামনে এসেছে। বেশ কয়েকটি ঘটনায় পড়ুয়াদেরই আটক করেছে পুলিস।



