Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিনিয়র ফার্স্ট ডিভিশন ক্রিকেট ম্যাচে জয় পেল বিওয়াইসিএ

সিনিয়র ফার্স্ট ডিভিশন ক্রিকেট ম্যাচে জয় পেল বিওয়াইসিএ
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: সিনিয়র ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের খেলায় আশিফ ইসলামের ঝোড়ো ব্যাটিং ও ইজাজ মহলদারের ঘূর্ণি বলের দাপটে জিতল ভগবানগোলা ইয়ুথ ক্রিকেট অ্যাকাডেমি (বিওয়াইসিএ)। বহরমপুরের স্টেডিয়াম মাঠে বৃহস্পতিবার কাশিমবাজার স্পোর্টস অ্যাকাডেমিকে ৯২ রানে হারিয়েছে তারা। স্টেডিয়ামের দ্বিতীয় গ্রাউন্ডে ফার্স্ট ডিভিশন লিগের অপর খেলায় আহিরণ স্পোর্টস অ্যাকাডেমিকে ১৪৭ রানের ব্যবধানে হারাল বিজিএমসি।
Advertisement
এদিন নির্ধারিত ৪৫ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বিওয়াইসিএ ৪২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৯৫ রান করে। আশিফ ইসলাম ৮১ রান করেন। রান তাড়া করতে নেমে ২৫ ওভারে ১০৩ রানে সিএসএ’র ইনিংস থমকে যায়। ইজাজ মহলদারের বলের সামনে এক এক করে ছ’জন ব্যাটসম্যান ডাগ আউটে ফিরে যান।
স্টেডিয়ামের দ্বিতীয় গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে বিজিএমসি নয় উইকেট হারিয়ে ২১৬ রান তোলে। রান তাড়া করতে নেমে ২১ ওভারেই আহিরণ দলের ব্যাটিং বিপর্যয় ঘটে। তারা ১০ উইকেট হারিয়ে ৬৯ রান তোলে। বিজিএমসির প্রসূন সরকার সর্বোচ্চ ৩৯ রান করেন। বল হাতে বিজিএমসির সাহিল রানা ছ’টি উইকেট দখল করেন।
অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগে এদিন অদিতি ইনিস্টিটিউট অব স্পোর্টসকে ২৯ রানে হারিয়েছে বান্ধব সমিতি। ওয়াইএমএ মাঠে বান্ধব সমিতি প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৭৬ রান তোলে। এআইএস’এর ইনিংস ১৪৭ রানে গুটিয়ে যায়। কাশিমবাজার গ্রাউন্ডে অপর খেলায় বহরমপুর ক্রিকেট কোচিং সেন্টার ১০৭ রানে জয়ী হয়। ওই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে তারা ১৬৬রান তোলে। দেবীরানি আরসিএ দল রান তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে অলআউট হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ী বলেন, সিনিয়র ফার্স্ট ডিভিশন লিগের দু’টি ও অনূর্ধ্ব-১৩ লিগের দু’টি খেলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ