সংবাদদাতা, মেদিনীপুর: সোনার দোকানে চুরি, ডাকাতি রুখতে এবার আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিস। শুক্রবার খড়্গপুর শহরে এই প্রযুক্তি চালু করেন পুলিস সুপার ধৃতিমান সরকার। যে দোকানে আগে ডাকাতি হয়েছিল এই প্রযুক্তি ব্যবহারের জন্য ওই দোকানকেই বেছে নেওয়া হয়। এদিন পুলিস সুপার ওই দোকানে এই প্রযুক্তি চালু করেন। তিনি বলেন, এরপর একে একে দাসপুর, গড়বেতা, চন্দ্রকোণা রোডে এই প্রযুক্তি চালু করা হবে। পরবর্তীতে জেলাজুড়ে সোনার দোকান সহ বড় ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এই প্রযুক্তি কাজে লাগানো হবে। এই ডিভাইসের দাম পড়ছে পাঁচ থেকে সাত হাজার টাকা। এখন পুলিস নিজের খরচেই ওই ডিভাইস লাগিয়ে দেবে। আগামী ১৫ দিনের মধ্যে আরও প্রায় ১০টি দোকানে লাগানো হবে। তিন মাসের মধ্যে সারা জেলায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই প্রযুক্তির ব্যবহার চালু হয়ে যাবে। তাঁর মতে, এতে ব্যবসায়ীরা শান্তিতে ঘুমাতে পারবেন। আর দুষ্কৃতীরা অস্বস্তিতে থাকবেন। দোকানে একটি ডিভাইস লাগানো থাকবে। তাতে ক্যামেরা, ইনপুট মোশান সেন্সার ডিরেক্টর ও পাওয়ার থাকবে। দোকান খোলার সময় পাওয়ার ইউনিট অন করলেই একটি এসওএস চালু হয়ে যাবে। আর বন্ধের সময় সেন্সার চালু হয়ে যাবে। এর সঙ্গে স্থানীয় থানা ও জেলা কন্ট্রোলরুমের সংযোগ থাকবে। ফলে দোকানে কোনও দুষ্কৃতীমূলক কাজ হলেই তা সঙ্গে সঙ্গে পুলিস জানতে পারবে। দ্রুত পুলিসের ক্যুইক অ্যাকশন টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে। প্রসঙ্গত গত সপ্তাহে খড়্গপুরে সোনা ব্যবসায়ীদের সংগঠনের এক অনুষ্ঠানে এসে পুলিস সুপার এই প্রযুক্তি ব্যবহারের অশ্বাস দিয়ে গিয়েছিলেন। এদিন তা বাস্তবে রূপ পেল।



