সংবাদদাতা, মেদিনীপুর: সোনার দোকানে চুরি ও ডাকাতি আটকাতে এবার জেলা পুলিস বিশেষ ব্যবস্থা নিচ্ছে। বৃহস্পতিবার খড়্গপুরে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির এক অনুষ্ঠানে পুলিস সুপার ধৃতিমান সরকার এই ঘোষণা করেন। তিনি বলেন, এখন এই ব্যবস্থা নেওয়া হবে মেদিনীপুর, খড়্গপুর, গড়বেতা ও দাসপুরে। সোনার দোকান ও যেখানে করিগররা কাজ করে সেখানে একটা এসওএস বাটন বসানো হবে। সেখানে মোশান সেন্সারও থাকবে। যখন দোকানে কেউ থাকবে না তখন এই সেন্সার কাজ করবে। আর দোকানে যখন কেউ থাকবে তখন বাটন টিপে কাজ হবে। যদি দোকানে কোনও রহস্যজনক, কৌতুহলজনক বা দুষ্কৃতীমূলক কাজ হয় এই বাটন টিপলেই সঙ্গে সঙ্গে পুলিস জেনে যাবে। এই এসওএসের সঙ্গে জেলা পুলিসের কন্ট্রোলরুম ও থানাগুলি যুক্ত থাকবে। পুলিস সুপার বলেন, একই সঙ্গে একটি উইথ আর্মস ক্যুইক অ্যাকশন টিমও গঠন করা হচ্ছে। প্রতিটি থানায় এই টিম থাকবে।



