Bartaman Logo
১০ জুন, ২০২৬

সোনিয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস বিজেপির

সোনিয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস বিজেপির
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি:  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করায় কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনল বিজেপি। সোমবার বেশ কয়েকজন পদ্ম-সাংসদ একসঙ্গে ওই নোটিস এনেছেন। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকারকে পাঠানো ওই নোটিসে বিজেপি সাংসদরা দাবি করেছেন, রাষ্ট্রপতি সম্পর্কে সোনিয়ার মন্তব্য ‘অপমানজনক’ ও ‘অবমাননাকর’। এতে সোনিয়ার আদিবাসী বিরোধী মানসিকতাই প্রকাশ পেয়েছে। ওই মন্তব্যের জন্য ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদের সম্মানহানির পাশাপাশি সংসদের পবিত্রতাও নষ্ট হয়েছে।’ সোনিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্যও রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দাবি জানানো হয়েছে।
Advertisement
গত শুক্রবার বাজেট অধিবেশনের শুরুতে প্রথাগত ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরে সংসদ ভবনের বাইরে সোনিয়া রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে বলেন, ‘বেচারি রাষ্ট্রপতি। বক্তৃতার শেষে তো মনে হচ্ছিল তিনি আর বলতে পারছেন না। ক্লান্ত দেখাচ্ছিল।’ সোনিয়ার সেই বক্তব্যের কথা জানাজানি হতেই সরব হয় বিজেপি। আদিবাসী রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। সোনিয়া গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। রাষ্ট্রপতি ভবনের তরফেও সোনিয়ার মন্তব্যকে ‘কুরুচিকর এবং দুভার্গ্যজনক’ আখ্যা দিয়ে নিন্দা করা হয়। 
সোনিয়ার পাশাপাশি নির্দল সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধেও স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছে বিজেপি। পাপ্পুর বিরুদ্ধেও রাষ্ট্রপতির উদ্দেশে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির বক্তৃতার পর পাপ্পু মন্তব্য করেছিলেন, ‘রাষ্ট্রপতি স্ট্যাম্পের মতো। উনি শুধু প্রেমপত্র পড়তে বাধ্য হন।’ এই মন্তব্যের জন্য পাপ্পুকে ক্ষমা চাইতে হবে বলে তখন দাবি করেছিল বিজেপি।
Advertisement
সম্পর্কিত সংবাদ