Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাইস্কুলে ৩ বছর ধরে বন্ধ আদিবাসী ছাত্রদের হস্টেল

সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাইস্কুলে ৩ বছর ধরে বন্ধ আদিবাসী ছাত্রদের হস্টেল
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: চোপড়া ব্লকের সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাইস্কুলে তপশিলি ও আদিবাসী ছাত্রদের জন্য তৈরি করা হস্টেল বন্ধ হয়ে পড়ে রয়েছে প্রায় তিন বছর। 
Advertisement
স্কুল সূত্রে জানা গিয়েছে, পড়ুয়া না থাকা এবং হস্টেল চালানোর জন্য ফান্ড না পাওয়ার কারণেই বন্ধ করে দিতে হয়েছে। হস্টেলে ২০-২৫ জন ছাত্রের থাকার ব্যবস্থা থাকলেও এখন আর কেউ আগ্রহ দেখায় না। প্রধান শিক্ষক ধ্রুব তিওয়ারি জানিয়েছেন, হস্টেল না চলার পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, এখন আদিবাসী ও তপশিলি পড়ুয়াদের অনুদানের অর্থ তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। এই টাকা আগে স্কুলকে দেওয়া হত। সেই অর্থে হস্টেল চলত। টাকা না পাওয়ায় হস্টেল চালাতে সমস্যা হচ্ছিল।  বন্ধ হওয়ার পিছনে প্রধান শিক্ষকের যুক্তি, এখন বেশিরভাগ এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। তাই অনেক ক্ষেত্রে হস্টেলে থেকে পড়াশোনা করার প্রয়োজন পড়ে না। এছাড়া প্রায় প্রতিটি এলাকায় জুনিয়র হাইস্কুল, হাইস্কুল হওয়ায় দূরের ছাত্ররা এখন আর পড়তে আসছে না। সোনাপুরের স্কুলেরটি বন্ধ থাকলেও চোপড়া হাইস্কুলের তপশিলি ও আদিবাসী পড়ুয়াদের জন্য হস্টেল চলছে। এখানে নিয়মিত পড়ুয়ারা থাকছে।
চোপড়া হাইস্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত বসাক বলেন, যতটা সম্ভব ভালোভাবে হস্টেল চালানোর চেষ্টা করা হচ্ছে। ফান্ড না পাওয়ায় কিছু সমস্যা রয়েছে। অন্যদিকে, মাঝিয়ালি হাইস্কুল সূত্রে জানা গেছে, সেখানে হস্টেলে ২০ জন পড়ুয়া থাকে।
সম্পর্কিত সংবাদ