সংবাদদাতা, আলিপুরদুয়ার: সলসলাবাড়ি থেকে ফালাকাটা ৪১ কিমি ৩১-ডি জাতীয় সড়কে ফের ফোর লেনের কাজ শুরু হয়েছে। কিন্তু পুনর্বাসন ও ক্ষতিপূরণ না পেলে দোকান সরাতে রাজি নন ব্যবসায়ীরা। এই দাবিতে বুধবার সোনাপুরে মিছিল করলেন স্থানীয় ব্যবসায়ীরা। মিছিলে সোনাপুর ছাড়াও ঘরঘরিয়া, পলাশবাড়ি, বাবুরহাট, নিউ পলাশবাড়ি ও মেজবিল হাটের ব্যবসায়ীরা অংশ নেন। তার আগে সোনাপুর চৌপথিতে ব্যবসায়ীরা মিটিং করেন। সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। এর আগে সোনাপুরের পুরনো পুলিস ফাঁড়ির পিছনে ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়েছিল প্রশাসন। কিন্তু পুনর্বাসনের জায়গায় ব্যবসা করার মতো উপযুক্ত পরিকাঠামোই নেই বলে ব্যবসায়ীদের অভিযোগ। সোনাপুর চৌপথি স্থায়ী সমিতির সহ সভাপতি শম্ভু রায় বলেন, সেই কারণে প্রশাসনের দেওয়া পুনর্বাসনের জায়গায় ব্যবসায়ীরা কেউ যেতে চাইছে না। সঠিক স্থানে পুনর্বাসন ও ক্ষতিপূরণ না পেলে কেউ দোকান সরাবে না। মিটিংয়ের পর প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, আমরা ব্যবসায়ীদের পাশে আছি। পুনর্বাসনের বিষয়টি এদিনই পূর্তমন্ত্রী পুলক রায়কে জানিয়েছি। জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, বিষয়টি নিয়ে দ্রুত জেলাপ্রশাসনের সঙ্গে কথা বলব।



