Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনাপুরে খেলতে খেলতে কীটনাশক খেয়ে অসুস্থ দুই শিশু  

সোনাপুরে খেলতে খেলতে কীটনাশক খেয়ে অসুস্থ দুই শিশু
 
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: খাবার ভেবে কীটনাশক খেয়ে গুরুতর অসুস্থ দুই শিশু। চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত শীতপাড়া গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। গুরুতর অসুস্থ দুই শিশুকে তড়িঘড়ি দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। অসুস্থ দুই শিশুর নাম  যূথিকা টুডু ও দীপিকা টুডু। সম্পর্কে তারা বোন। বৃহস্পতিবার সকালে বাড়ির উঠোনে খেলছিল বছর চারের যূথিকা ও বছর দুইয়ের দীপিকা। চা বাগানে দেওয়ার জন্য সেই কীটনাশক  সুনিরাম টুডুর বাড়ির উঠোনেরই এককোণে কাগজে মুড়িয়ে রাখা ছিল। খেলতে খেলতে হঠাত্ কাগজে মোড়ানো সেই কীটনাশক খেয়ে ফেলে এই দুই শিশু। বাড়ির লোকজন নিজের কাজে ব্যস্ত ছিলেন। হঠাত্ দুই শিশুর বারবার বমি হওয়ায় তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। ইসলামপুর মহকুমা হাসপাতালে থেকে যূথিকাকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়েছে। এদিন সকালে চা বাগানের কাজে গিয়েছিলেন দীপিকার বাবা সুনিরাম। মেয়ের কীটনাশক খেয়ে ফেলার খবর শুনে তড়িঘড়ি ছুটে আসেন বাড়ি। হাসপাতালের বাইরে কাঁদতে কাঁদতে সুনিরাম বলেন, আমার মেয়ে দীপিকা ভালো রয়েছে। দাদার মেয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি।
Advertisement
খেলতে খেলতে কখন যে দুই বোন কীটনাশক খেয়ে ফেলেছিল বুঝতে পারেননি সুনিরামের স্ত্রীও। তিনি বলেন, বারবার বমি করার পর দেখি উঠোনের এক কোণে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কীটনাশক। দুই শিশু দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করছেন স্থানীয়রাও।
সম্পর্কিত সংবাদ