Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনামুখীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধৃত প্রতিবেশীর জামাই

সোনামুখীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধৃত প্রতিবেশীর জামাই
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক ঘরজামাইকে পুলিসের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনায় গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম লক্ষ্মণ পণ্ডিত।  তার বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানা এলাকায়। তবে সে কয়েক বছর ধরে সোনামুখী থানার ওই গ্রামে ঘরজামাই হিসাবে থাকছিল। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে। সেই অনুযায়ী ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খণ্ডঘোষ থানা এলাকার বাসিন্দা লক্ষ্মণ কয়েক বছর ধরে সোনামুখী থানা এলাকার একটি গ্রামে ঘরজামাই হিসাবে থাকছিল। তার স্ত্রী তিন ছেলে ও মেয়ে রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে গ্রামের মহিলাদেরকে জ্বালাতন করার অভিযোগ রয়েছে। তাকে একাধিকবার মারধরও করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী ওই কিশোরী বাড়িতে একাই ছিল। পরিবারের লোকজন মাঠে কাজে গিয়েছিলেন। কিশোরীকে ঘরে একা পেয়ে লক্ষ্মণ ধর্ষণ করে বলে অভিযোগ। বিকালে বাড়ির লোকজন কাজ সেরে ফিরলে নির্যাতিতা মাকে বিষয়টি জানায়। এরপরেই কিশোরীর মা পাড়ার লোকেদের জানান। তারপরেই গ্রামবাসীরা লক্ষ্মণকে শ্বশুরবাড়ি থেকে বের করে আনে। পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস গিয়ে তাকে থানায় নিয়ে আসে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতাকে বিষ্ণুপুর জেলা হাসপাতাল ভর্তি করা হয়। 
গ্রামবাসীদের বক্তব্য, লক্ষ্মণ লম্পট স্বভাবের। বেশিরভাগ সময় মদ্যপ অবস্থায় থাকে। তার বিরুদ্ধে এর আগেও গ্রামের মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করায় মারধর করা হয়েছে। এমনকী, তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার কথা হয়েছিল। তাতে কিছুদিন সে স্বাভাবিক ছিল। কিন্তু, বৃহস্পতিবার যে কাণ্ড ঘটিয়েছে আইন তাকে যা শাস্তি দেওয়ার দেবে। তবে তাকে এলাকায় আর ঢুকতে দেওয়া হবে না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ