Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনামুখীতে খেলার মাঠ বাঁচাতে মিছিল

সোনামুখীতে খেলার মাঠ বাঁচাতে মিছিল
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,বিষ্ণুপুর: রবিবার সোনামুখীর রামপুরে খেলার মাঠ বাঁচাতে মিছিল করলেন গ্রামবাসীরা। তাঁরা এদিন বিকেলে দুর্গামন্দিরের ফাঁকা জায়গায় মঞ্চ বেঁধে সভাও করেন। মাঠ দখল করতে আসা ব্যক্তিদের বিরুদ্ধে সরব হন। তাঁদের অভিযোগ, বহু বছর ধরে স্থানীয় একটি মাঠে গ্রামের ছেলেরা খেলাধুলো করে আসছে। কিন্তু, সম্প্রতি কিছু ব্যক্তি ওই মাঠ তাদের বলে দাবি করে দখল নিতে আসে। এনিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয়। এমনকী, এনিয়ে মামলাও রুজু করা হয়। তারপরেই গ্রামবাসীরা একজোট হয়ে মাঠ বাঁচাও কমিটি গঠন করে। এদিন মঞ্চ বেঁধে এনিয়ে তাঁরা সরব হন। 
Advertisement
সোনামুখী থানার পুলিস জানিয়েছে, একটি ব্যক্তিগত মালিকানাধীন পতিত জমিতে গ্রামবাসীরা খেলাধুলো করতেন। বর্তমানে জমির মালিক ওই জমির দখল নিতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। এদিন গ্রামবাসীরা মিছিলও করেছেন। বিষয়টি নিয়ে মামলা হয়েছে। মাঠে ১৪৪ ধারা জারি রয়েছে।  
স্থানীয় হামিরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়রাম পাল বলেন, রামপুরে ব্যক্তিগত মালিকানাধীন একটি পতিত জমি নিয়ে মালিকপক্ষ ও গ্রামবাসীদের মধ্যে বিবাদ চলছে। বিষয়টি নিয়ে পুলিসের কাছে মালিকপক্ষ অভিযোগ দায়ের করেছে। এদিন গ্রামবাসীদের তরফে সভা ও মিছিল করা হয়। 
গ্রামবাসীদের পক্ষে সুজিত বাউরি বলেন, দু’পুরুষ ধরে গ্রামের ছেলেরা মাঠে খেলাধুলো করে আসছে। আমাদের কয়েকজনের নামে জবরদখল রেকর্ডও রয়েছে। বর্তমানে একজন ওই জমির দখল নিতে আসায় গ্রামের মানুষ তার প্রতিবাদে নেমেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ